২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার

সিলেটের বাফুফে ফুটবল একাডেমিতে আসা কবির, সাকিব, ফাহিমের মতো কিশোর কিংবা ইমরান, সাইদুর, নবিরের মতো তরুণদের চোখে একটাই স্বপ্ন-জাতীয় দলে খেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:30 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

উঠতি ফুটবলারদের গড়ে তোলার জন্য বহু প্রতীক্ষিত এই একাডেমির কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়।

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪০জন খুদে ফুটবলার আসার সুযোগ পেয়েছে সিলেট একাডেমিতে। প্রতিষ্ঠানটির অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৭ দলে আছে ২০ জন করে ফুটবলার। চার জন প্রশিক্ষকের অধীনে চলছে তাদের স্বপ্ন পূরণের প্রস্তুতি।

গাজীপুর থেকে আসা নুর মো. সোহাগের বাবা মারা গেছেন গত বছর। মাকে ছেড়ে এতদুরে চলে আসার কষ্ট তার আছে। কিন্তু সে কষ্টের চেয়ে মায়ের মুখে হাসি ফোটানোর প্রত্যয় অনেক বেশি তার।

“শুরুর দিকে খারাপ লেগেছিল, কিন্তু এখন আর নেই। জাতীয় দলের হয়ে একদিন খেলতে চাই। মায়ের মুখে হাসি ফোটাতে চাই আমি।”

মামুনুলদের উত্তরসূরি হয়ে জাতীয় দলে খেলা আশা সোহাগের রুমমেট রানারও। চট্টগ্রামের এই কিশোর অবশ্য এখানে এসে এক সঙ্গে আরো ১৯ জন সমবয়সী সাথী পেয়ে দারুণ খুশি।

স্ট্রাইকার হিসেবে একাডেমির অনূর্ধ্ব-১৩ দলে সুযোগ পেয়েছে সিরাজগঞ্জের ফাহিম। চুয়াডাঙ্গা থেকে আসা কিশোর কবির হোসেনও স্ট্রাইকার। দুজনের লক্ষ্য এক, তবে পছন্দের তারকা আলাদা।

“জাতীয় দলে হয়ে খেলতে চাই এবং গোল করতে চাই আলেক্সিস সানচেজের মতো,” বলল ফাহিম।

কবির বলল, “আমার পছন্দের তারকা মেসি (লিওনেল)। ব্রাজিলের নেইমার, উরুগুয়ের সুয়ারেসকেও ভালো লাগে আমার। তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি আমি।”

মেসি, নেইমার, সানচেসদের খেলা দেখার সুযোগ এই কিশোররা এখন নিয়মিত পাচ্ছে। জিমনেশিয়ামে তাদের জন্য টিভি রেখেছে কতৃপক্ষ।

বয়সটা একটু বেশি হওয়ায় ইমরান, সাইদুরদের মনে পরিবার ছেড়ে আসার বিষণ্নতা তেমন নেই। তাছাড়া একাডেমির পরিবেশ, সুযোগ-সুবিধা মিলিয়ে ভালোই আছে অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলাররা।

যশোর থেকে আসা সাইদুর এর আগে আবাহনীর অনূর্ধ্ব-১৮ দলের গোলরক্ষক হিসেবে খেলেছেন। ফলে বাবা-মা ছেড়ে থাকার অভ্যাসটা তার আগেই হয়েছে। ভাঙ্গারির ব্যবসায়ী বাবার এই ছেলে জাতীয় দলের গোলপোস্টের নিচে গ্লাভস পরে দাঁড়াতে চান।

“এখানে সবাই একসঙ্গে আছি। ভালোই আছি। এখানে আসতে পেরে ভালো লাগছে। এখন জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে চাই।”

স্টাইকার নবির হোসেনের বাবা জালি ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন। সংসারের ঘানি টানতে গিয়ে নিজে ফুটবলার হতে পারেননি। ছেলেকে ফুটবলার হিসেবে দেখতে চান তার বাবা। নবিরের চাওয়া বাবার স্বপ্ন পূরণ করার।

“বাবা ফুটবল খুব ভালোবাসেন। ফুটবল খেলার জন্য তিনিই আমাকে অনুপ্রেরণা দেন। আমিও চাই ফুটবলার হয়ে, জাতীয় দলে খেলে বাবার না পারা স্বপ্নটা পূরণ করতে।”