২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-তেভেসের প্রশংসায় মার্তিনো

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি লড়াই করেই জিততে হয়েছে আর্জেন্টিনাকে। তবে আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো ও কার্লোস তেভেসের খেলায় খুশি কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 05:15 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

লন্ডনের আপটন পার্কে বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেসির পাস থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি করেন ডিফেন্ডার আনসালদি। আর আগুয়েরোকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি।

ক্রোয়েশিয়ার সঙ্গে কষ্টে পাওয়া জয়ে মূল ভূমিকা রাখেন মেসি। স্বাভাবিক কারণেই বার্সেলোনার এই তারকাকে নিয়ে উচ্ছ্বসিত মার্তিনো।

“মেসি ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল।”

৬১তম মিনিটে তুলে নেয়ার আগে পর্যন্ত ভালোই খেলেন আগুয়েরো। একটা গোলের উৎস তিনিই। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকেও প্রশংসায় ভাসালেন মার্তিনো। “কুন (আগুয়েরো) উইংয়ে ভালো খেলেছে এবং মাঝেও ভালো খেলেছে।” আগুয়েরোর বদলি হিসেবে মাঠে নামেন এর আগে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ২০১১ সালের কোপা আমেরিকায় খেলা তেভেস। আন্তর্জাতিক ফুটবলে ৩ বছরের নির্বাসন কাটিয়ে ফেরা তেভেস কোচের চাহিদা ভালোভাবেই পূরণ করতে পেরেছেন। “তার কাছে আমাদের যা প্রয়োজন ছিল, কার্লোসও সেটা করেছে।”