২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে সময় ফেলে এসেছে দুঙ্গার ব্রাজিল

দুঙ্গার বিশ্বাস, বিশ্বকাপের দু:স্বপ্ন পেছনে ফেলতে পেরেছে ব্রাজিল। প্রীতি ম্যাচে তুরস্ককে উড়িয়ে দেয়ার পর ব্রাজিলের কোচ বলেন, তার দল ভালো ফুটবল খেলতে শুরু করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

ইস্তানবুলে গত বুধবার রাতে তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয় পায় ব্রাজিল। অসাধারণ খেলা ব্রাজিলের অধিনায়ক নেইমার করেন জোড়া গোল। দলের বাকি দুই গোলের একটি করেন উইলিয়ান, অন্যটি আত্মঘাতী।

দুঙ্গা মনে করেন ব্রাজিল তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

“যত দিন যাচ্ছে, আমরা ভালো হচ্ছি। বাজে সময়টা পেছনে ফেলে এসেছি।”

দেশের মাটিতে এ বছর দু:স্বপ্নের এক বিশ্বকাপ কাটায় ব্রাজিল। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারে তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ শেষ করে স্বাগতিকরা।

এরপর লুইস ফেলিপে স্কলারির জায়গায় দুঙ্গাকে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।

রক্ষণাত্মক মনোভাবের দুঙ্গাকে কোচ করায় অনেকেই তখন সমালোচনা করেন। তবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে কোচ হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরুটা দারুণ করেন তিনি। ২০১৪ বিশ্বকাপের পর খেলা ৫টি প্রীতি ম্যাচের সবকটিই জেতে তার দল।

এই ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ বার বল জড়ায় ব্রাজিল; নিজেরা খায়নি একটিও।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দুঙ্গা যেন বিষয়টি সবাইকে মনে করিয়ে দিতে চাইলেন।

“আমরা ভালো খেলতে শুরু করেছি এবং আশা করছি, আমাদের উন্নতি বজায় থাকবে।”

দলের খেলোয়াড়দের প্রশংসা করেন দুঙ্গা।

“ব্রাজিলের প্রতিনিধিত্ব করার মানেটা এই খেলোয়াড়রা বোঝে। তারা জানে, এই দলে খেলাটা কত গুরুত্বপূর্ণ।”