দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় ডাচদের হার
ব্রাজিলেই যেন সুসময়টা ফেলে এসেছে নেদারল্যান্ডস। ইউরো বাছাইয়ের হতাশাজনক পথচলার মাঝে এবার প্রীতি ম্যাচে হেরে গেছে তারা। দ্বিতীয়ার্ধের দারুণ নাটকীয়তায় ভরা লড়াই শেষে ডাচদের ৩-২ গোলে হারিয়েছে মেক্সিকো।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ আমস্টারডাম অ্যারেনায় ম্যাচের অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। মিডফিল্ডার হেক্তর এররেরার পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার কার্লোস ভেলা।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ আর উভয় পক্ষের জালে একের পর এক বল ঢোকায় লড়াই জমে ওঠে।
৪৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দলকে ম্যাচে ফেরান স্বাগতিক মিডফিল্ডার ভেসলি স্নেইডার।
৬২তম মিনিটে ভেলার নৈপুণ্যে ফের এগিয়ে যায় মেক্সিকো। বদলি হিসেবে নামা মিডফিল্ডার হেসুস মানুয়েল করোনার সহায়তায় বল জালে জড়ান রিয়াল সোসিয়েদাদের ওই ফরোয়ার্ড।
সাত মিনিট পর ব্যবধান ৩-১ করে জয়ের আশা উজ্জ্বল করে তোলেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখানো স্ট্রাইকার হাভিয়ের এরনান্দেস। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল।
পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে উত্তেজনার আভাস দেন ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ড। শেষ পাঁচ মিনিটে গোলের আরো দুটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু সাফল্য মেলেনি।
ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলটির সময় একদমই ভালো যাচ্ছে না। ইউরো বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। অন্য দুটিতে হেরে 'এ' গ্রুপের তৃতীয় স্থানে আছে দলটি। আগামী রোববার লাটভিয়ার বিপক্ষে গ্রুপের চতুর্থ ম্যাচ খেলবে তারা।
