২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার লড়াই করে জয়

বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও ক্রোয়েশিয়াকে হারাতে কঠিন লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথমে তো পিছিয়েই পড়েছিল জেরার্দো মার্তিনোর দল। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ২-১ ব্যবধানে জয়ের হাসিতে মাঠ ছাড়ে মেসি-আগুয়েরোরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:09 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

মঙ্গলবার রাতে লন্ডনের আপটন পার্কে আর্জেন্টিনার অন্য গোলটি করেন ক্রিস্তিয়ান আনসালদি। ক্রোয়েশিয়ার একমাত্র গোলটি আনাস শারবিনির।

দলের দুই বড় তারকা রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও বার্সেলোনার ইভান রাকিতিচ না থাকায় শক্তি কিছুটা কম থাকলেও ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না। ইউরো বাছাইপর্বের প্রথম তিনটি ম্যাচ জিতে 'এইচ' গ্রুপের শীর্ষে আছে যে তারা।

আত্মবিশ্বাসী ক্রোয়াটরা ম্যাচের শুরুটাও করে দারুণ। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে একাদশ মিনিটেই এগিয়ে যায় তারা। মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাস পেয়ে ডান পায়ের শটে গোলপোস্টের নীচের ডান কোনা দিয়ে গোলটি করেন শারবিনি।

পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরার তিনটি সুযোগ পায় ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপরা কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। আনহেল দি মারিয়া দুটি ও সের্হিও আগুয়েরো একটি সুযোগ হারান।

৩৬তম মিনিটে আরেকটি সুযোগ হারায় লাতিন আমেরিকার দেশটি। দলের সেরা তারকা মেসির দুরূহ কোণ থেকে নেয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর টানা চারবারের বর্ষসেরা তারকা মেসির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোলখরা কাটে আর্জেন্টিনার। ৪৯তম মিনিটে মেসির পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার আনসালদি। বলটি আগুয়েরোর গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

আট মিনিট পর এগিয়েও যায় আর্জেন্টিনা। ডি বক্সের মধ্যে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লোভরে কালিনিচ আগুয়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তা থেকেই দলকে এগিয়ে দেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি।

৬১তম মিনিটে আগুয়েরোর বদলি হিসেবে মাঠে নামেন কার্লোস তেভেস। ২০১১ সালের কোপা আমেরিকার পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন তেভেস।