২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজিলের বিরুদ্ধে তার বাবার মামলা

মেসুত ওজিলের সময়টা আসলেই যেন ভালো যাচ্ছে না। একে তো হাঁটুর চোটের কারণে প্রায় ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন; তার ওপর এবার জার্মানির এই মিডফিল্ডারকে তার বাবার মামলায় আদালতে যেতে হলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 12:49 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

গত বছর নিজের মার্কেটিং প্রতিষ্ঠান ওজিল মার্কেটিং জিএমবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে আর্সেনালের তারকা মিডফিল্ডার তার বাবাকে ছাটাই করেন। তাতেই শুরু হয় পারিবারিক বিরোধের।

ওজিলের বাবা মুস্তাফা ওজিল অভিযোগ করেন, মোট ছয় লাখ ৩০ হাজার ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে প্রায় পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ওজিলের আর্সেনালে যোগ দেয়ার চুক্তিতে মুখ্য ভূমিকা রেখেছিলেন তার বাবা।

জার্মানির পত্রিকা বিল্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের দলটির সঙ্গে ওজিলের চুক্তির অর্থনৈতিক বিষয় নিয়ে পরিবারটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

ওজিলের প্রতিষ্ঠান অবশ্য পাল্টা দাবি করেছে যে, মুস্তাফার কাছে কোম্পানি ১০ লাখ ইউরো পায়। ওই অর্থ এবং সিনিয়র ওজিলকে দেয়া কোম্পানির গাড়ি ফেরত চেয়েছে তারা।

শুরুতে বাবার দাবি মেটাতে না চাইলেও, বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার তার বাবার সঙ্গে একটা সমঝোতায় পৌছেছেন।

তবে প্রতিষ্ঠানের সঙ্গে আর জড়িত নেই মুস্তাফা ওজিল। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ওজিলের ভাই মুতলু।