২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা লিগে জয়ে শুরু মোহামেডানের

জিয়াউর রহমান ড্র করলেও বাকি দাবাড়ুরা জেতায় প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে শুভ সূচনা করেছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 11:52 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

প্রথম রাউন্ডে লিওনাইন চেস ক্লাবকে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

জর্জিয়ার দুই গ্র্যান্ডমাস্টার মিখাইল মচেদলিসভিলি ও মেরাব গাগুনাসভিলি এবং আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল মোহামেডানকে প্রথম রাউন্ডে জয় এনে দেন। তারা যথাক্রমে লিওনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, সোহেল চৌধুরী ও উতেনকে হারান।

জিয়া লিওনাইনের মনির হোসেনের সঙ্গে ড্র করেন।

গত আসরের রানার্সআপ বাংলাদেশ নৌ বাহিনী ৪-০ পয়েন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

নৌ বাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম জিতেছেন।

এছাড়া প্রথম রাউন্ডে তিতাস ক্লাব ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, প্রিতম-প্রিজম চেস ক্লাব-নারায়ণগঞ্জ ৩-১ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর জুনিয়র দলকে হারিয়েছে।