জয়ে শুরু চায় বাংলাদেশের মেয়েরা
আফগানিস্তানকে সমীহ করলেও তাদেরকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শুরু করতে চায় বাংলাদেশের মেয়েরা।
জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দলে চোট সমস্যা নেই এবং জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরুর ব্যাপারে দারুণ প্রত্যয়ী মেয়েরা।
প্রধান কোচ সুকিতাতে নোরিয়ো দলের জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “প্রথম ম্যাচে ভালো ফলের জন্য মেয়েরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালাবে। দল নিয়ে আমি আশাবাদী।”
সহকারী কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, দলের মেয়েরা শতভাগ ‘ফিট’ আছে এবং আফগানিস্তানকে হারানোর জন্য তারা শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।
পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে অধিনায়ক সুই নু প্রু মারমা ও সহ-অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, ফাইনালের খেলার লক্ষ্য তাদের।
আফগানিস্তানকে হারিয়ে লক্ষ্য পূরণের প্রথম ধাপ পার হতে চান মারমা।
“প্রথম ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। আফগানিস্তান দলে কিছু খেলোয়াড় আছে, যারা দেশের বাইরে খেলে। তাদের সঙ্গে কঠিন লড়াই হবে। তবে আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে জয়ের চেষ্টা করব।”
