আবার আসছে মেসি-তেভেস জুটি?
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে ফিরে আসতে পারে লিওনেল মেসি ও কার্লোস তেভেসের জুটি। কোচ জেরার্দো মার্তিনো ইঙ্গিত দিয়েছেন, মেসির সঙ্গে শুরুর একাদশেই থাকতে পারেন তেভেস।
লন্ডনে ওয়েস্ট হ্যামের মাঠ আপটন পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই ম্যাচের আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দল নিয়ে কথা বলেন মার্তিনো।
মেসিকে তিনি ডানদিকে একটু বেশি জায়গা নিয়ে খেলাতে চান। আর তেভেসকে দিতে চান স্ট্রাইকারের পজিশন।
দলের আক্রমণভাগে বেশি বিকল্প আছে বলেই নাকি এভাবে ভাবতে পারছেন আর্জেন্টিনা কোচ।
“(গনসালো) হিগুয়াইন (সের্হিও) আগুয়েরো বা তেভেসের মতো একই ধরণের ফুটবল খেলে না। কিন্তু আমাদের যা পদ্ধতি, তাদের একজনকে নয় নম্বর হিসেবে খেলতে হয়।”
মেসি, তেভেস, হিগুয়াইন ও আগুয়েরো-এদের সবাইকে এক সঙ্গে মাঠে রাখাটা কঠিন বলে মনে করেন মার্তিনো। বিশেষ করে ম্যাচের শুরুতে এই চতুষ্টয়কে এক সঙ্গে দেখার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি কার্লোস তেভেসের জন্য বিশেষ কিছু। আন্তর্জাতিক ফুটবলে তিন বছরের নির্বাসন কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার জার্সি গায়ে তেভেস সবশেষ ম্যাচ খেলেন ২০১১ সালে। কোপা আমেরিকার সেই ম্যাচে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন তেভেস।
এরপর আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপে রানার্সআপ করা কোচ আলেহান্দ্রো সাবেইয়া তেভেসকে দলে ডাকেননি। লিওনেল মেসি আর তেভেস এক সঙ্গে এক দলে জুটি গড়তে পারবে না বলেই মনে করতেন সাবেইয়া।
বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেয়া বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো মার্তিনো তেভেসকে দলে ফেরান।
