২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের ভয় পায় না ক্রোয়েশিয়া

লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো আর আনহেল দি মারিয়া-এই চতুষ্টয়ের সঙ্গে যোগ হয়েছেন কার্লোস তেভেস। কিন্তু শক্তিশালী এই আর্জেন্টিনা দলকেও ভয় পাচ্ছে না ক্রোয়েশিয়া। প্রীতি ম্যাচের আগে উল্টো দেশটির কোচ নিকো কোভাচ মেসিদের হুমকি দিয়ে রেখেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:46 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

লন্ডনে ওয়েস্ট হ্যামের মাঠ আপটন পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচটিতে আর্জেন্টিনার সব তারকারাই থাকছেন। তবে ক্রোয়েশিয়ার পক্ষে খেলবেন না দলের দুই বড় তারকা রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও বার্সেলোনার ইভান রাকিতিচ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তবু কোভাচ আত্মবিশ্বাসী।

“আমি কাউকে ভয় পাই না। তাই আমি ভীত নই।”

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি কার্লোস তেভেসের জন্য বিশেষ কিছু। আন্তর্জাতিক ফুটবলে তিন বছরের নির্বাসন কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার জার্সি গায়ে তেভেস সবশেষ ম্যাচ খেলেন ২০১১ সালে। কোপা আমেরিকার সেই ম্যাচে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন তেভেস।

এরপর আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপে রানার্সআপ করা কোচ আলেহান্দ্রো সাবেইয়া তেভেসকে দলে ডাকেননি। লিওনেল মেসি আর তেভেস এক সঙ্গে এক দলে জুটি গড়তে পারবে না বলেই মনে করতেন সাবেইয়া।

বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেয়া বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো মার্তিনো ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি-তেভেসের জুটি আবার ফিরিয়ে আনার কথা বলেন।

“এটা সত্য যে, লিওনেল হিগুয়াইন ও কুনের (আগুয়েরো) সঙ্গে ভালো খেলে এবং আমরা ভুলে গেছি আগে সে তেভেসের সঙ্গেও খেলেছে। আমি নিশ্চয়তা দিতে পারছি না; সে (তেভেস) শুরুর একাদশে থাকবে, নাকি বেঞ্চে থাকবে। তবে ম্যাচে কিছু সময় মেসি ও তেভেস এক সঙ্গে মাঠে থাকতে পারে।”

আপটন পার্কে উষ্ণ অভ্যর্থনাই পাওয়ার কথা তেভেসের। এখানে ওয়েস্ট হ্যামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি মৌসুম খেলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর আগের মৌসুমে ওয়েস্ট হ্যামকে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন থেকে বাঁচিয়েছিলেন তিনি।

তেভেসের জন্য স্মরণীয় হতে চলা ম্যাচটিতে চোট সমস্যায় ভুগছে আর্জেন্টিনা। রক্ষণ-ত্রয়ী মার্কোস রোহো, এসেকিয়েল গারায় আর ফেদেরিকো ফের্নান্দেস চোটের কারণে খেলতে পারছেন না এই ম্যাচে।