২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বিপক্ষে প্রত্যয়ী নেইমার

তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ব্রাজিল। আর এই ম্যাচে আলো ছড়াতে চান বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। জাতীয় দলের হয়ে বছরটা ভালোভাবে শেষ করার প্রত্যয় তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:14 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

তুরস্কের ইস্তানবুলে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে দুঙ্গার ব্রাজিল।

দেশের মাটিতে ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন লুইস ফেলিপে স্কলারিকে সরিয়ে দ্বিতীয়বারের মতো দুঙ্গার হাতে দলের দায়িত্ব দেয়।

দ্বিতীয় মেয়াদটা খুব ভালোভাবেই শুরু করেন কোচ দুঙ্গা। কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে খেলা চারটি প্রীতি ম্যাচেই জয পায় তার দল। এই চার ম্যাচে ব্রাজিলের জালে একবারও বল জড়ায়নি।

ব্রাজিল দলের মতোই সময়টা বেশ ভালো কাটছে অধিনায়ক নেইমারের। জাপানের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবকটি গোলই বার্সেলোনার এই তারকা করেন। ব্রাজিলের হয়ে ৫৮ ম্যাচে ৪০ গোল তার।

এই মাসে তুরস্ক আর অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ নিজের আলোয় আলোকিত করার জন্য উন্মুখ হয়ে আছেন নেইমার।

“আরেকবার ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব ভালোভাবে বছরটা শেষ করতে চাই আমি।”

ইস্তানবুলের পর আগামী ১৮ নভেম্বর ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। প্রীতি ম্যাচ দুটির আগে দল নিয়ে একটু সমস্যাই পড়তে হয় ব্রাজিল কোচকে। ব্রাজিলের লিগ শেষ পর্যায়ে বলে দেশের ক্লাবগুলোর ফুটবলারদের নিতে পারেননি দুঙ্গা। ইউরোপের ক্লাবগুলোয় খেলা খেলোয়াড়দের নিয়ে সমন্বয় করতে গিয়ে চোট নিয়ে সমস্যা দেখা দেয়।

সবশেষ চোটের কারণে পিএসজির মিডফিল্ডার লুকাস মোওরাকে দলের বাইরে রাখতে হয়। তার বদলে নেয়া হয়েছে বেনফিকার তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডার আন্দেরসন তালিসকাকে।

তালিসকাকে নিয়ে ব্রাজিল দলে ৬ জন আছেন অভিষেকের অপেক্ষায়। তালিসকা ছাড়া বাকি ৫ জন গোলরক্ষক নেতো ও প্লেমেকার রবের্তো ফিরমিনো এবং শাখতার দোনেৎস্কের ফ্রেদ, দগলাস কস্তা ও লুইস আদ্রিয়ানো।

শাখতারের তিনজনের মধ্যে আদ্রিয়ানোর ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক হওয়ার বেশ সম্ভাবনা আছে। দুটি হ্যাটট্রিকসহ চ্যাম্পিয়ন্স লিগে নিজের গোল সংখ্যা নয়ে নিয়ে গেছেন আদ্রিয়ানো। অভিষেক হলে ব্রাজিলের ৯ নম্বর জার্সিটা তিনিই হয়ত পড়বেন।

তুরস্কের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ইউরো ২০১৬ বাছাইপর্বের আগে নিজেদের গুছিয়ে নেয়ার প্রস্তুতি। ইউরো বাছাইয়ে আগামী রোববার কাজাখস্তানের বিপক্ষে খেলবে তারা।

গত কিছুদিন ধরে অবশ্য ফাতিহ তেরিমের দল খুব একটা ভালো করতে পারছে না। সবশেষ ৫ ম্যাচে মাত্র একটি জয় তাদের। ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের সেই জয়টি তারা গত সেপ্টেম্বরে পেয়েছে। ব্রাজিলের বিপক্ষে ভালো করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে উন্মুখ তুরস্ক।