কোচ হতে আগ্রহী সিলিয়াকের সঙ্গে বাফুফের বৈঠক
বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে দেখা যেতে পারে স্লোভেনিয়ার এরমিন সিলিয়াককে। কোচ হতে আগ্রহ প্রকাশ করে ঢাকায় আসা এই সাবেক ফুটবলারের সঙ্গে মঙ্গলবার আলোচনা করেছে ফুটবল ফেডারেশন।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আলোচনার পর স্লোভেনিয়ার এই কোচের বিষয়ে তার ইতিবাচক মনোভাব জানান।
“সে-ও আগ্রহী। আমাদেরও কোচ দরকার। তবে এখনই কারো সঙ্গে দীর্ঘমেয়াদের চুক্তিতে যেতে চাই না আমরা। দুই-তিন মাসের জন্য কোচকে পর্যবেক্ষণে (ট্রায়াল পিরিয়ড) রাখতে চাই।”
“তিনি (সিলিয়াক) ভালো ফুটবলার ছিলেন; বয়সেও তরুণ। কোচিংয়ের অভিজ্ঞতা একটু কম; আসলে আমাদের খুব অভিজ্ঞ কোচের দরকার নেই। তার ফিটনেসও ভালো। সব মিলিয়ে আমি বলব, আমাদের পরিকল্পনার সঙ্গে তাকে বেশ মানায়”, যোগ করেন সালাউদ্দিন।
তবে সিলিয়াকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে তাকে পরখ করে নেয়ার পক্ষে সালাউদ্দিন।
“সামনে আমাদের জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ আছে। এরপর বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে। এগুলো সামনে রেখে আমরা স্বল্প সময়ের জন্য কোচ নিয়োগ দিতে চাই। বিষয়গুলো নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বসব এবং আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাতে পারব।”
সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর সিলিয়াক বলেন, “আগ্রহী বলেই বাংলাদেশে এসেছি। এখানকার ফুটবলের সঙ্গে কাজ করতে চাই।”
নেপাল, শ্রীলঙ্কার বিপক্ষে মামুনুলদের খেলা প্রীতি ম্যাচের ডিভিও ফুটেজও দেখেছেন সিলিয়াক। সালাউদ্দিনের সঙ্গে আলোনায় বসার আগে বাংলাদেশের ফুটবল নিয়ে খোঁজ নেয়ার কথাও জানান তিনি।
১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত স্লোভেনিয়ার হয়ে খেলেছেন সিলিয়াক। দেশের হয়ে ৪৮ ম্যাচে ১৪ গোল করেন এই ফরোয়ার্ড। ২০১২ সালে স্লোভেনিয়ার ক্লাব অলিম্পিয়া লুব্লিয়ানার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
গত এশিয়ান গেমসের পর বকেয়া বেতনসহ বিভিন্ন বিষয় নিয়ে বাফুফের সঙ্গে আগের কোচ লোডভিক ডি ক্রুইফের বিরোধ চরমে ওঠে। পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিদায় নেন এই ডাচ কোচ। তার সহকারী সাইফুল বারী টিটোকে দায়িত্ব দেয় বাফুফে।
