২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফিরলেন বালোতেল্লি

ব্রাজিল বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মারিও বালোতেল্লি। লিভারপুলের এই স্ট্রাইকারকে রেখে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ইতালির কোচ আন্তোনিও কন্তে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পর ইতালির কোচ হিসেবে সিজারে প্রানদেল্লির জায়গায় যোগ দেন কন্তে। তার অধীনে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে ইতালি। তবে কন্তের এই সফল পথচলায় বালোতেল্লি ছিলেন না।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তোরিনোর ডিফেন্ডার এমিলিয়ানো মোরেত্তি। দেশের হয়ে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেললেও ৩৩ বছর বয়সে প্রথম জাতীয় দলে ডাক পেলেন মোরেত্তি।

জাতীয় দলে প্রথমবারের মতো আরো ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার আন্দ্রেয়া বেরতোলাচ্চি ও রবের্তো সোরিয়ানো।

চোটের কারণে দলে নেই অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো ও ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে।

আগামী রোববার ক্রোয়েশিয়ারর বিপক্ষে ইউরো বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে ইতালি। দুটি দলই এ পর্যন্ত হওয়া বাছাইপর্বের তিনটি ম্যাচই জিতেছে।

১৮ নভেম্বর আলবেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। ওই ম্যাচের জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

ইতালি দল:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি)।

ডিফেন্ডার: জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), এমিলিয়ানো মোরেত্তি (তোরিনো), আনজেলো ওগবোন্না (ইউভেন্তুস), আন্দ্রেয়া রানোচ্চিয়া (ইন্টার মিলান), দানিয়েলে রুগানি (এম্পোলি)।

মিডফিল্ডার: আন্দ্রেয়া বেরতোলাচ্চি (জেনোয়া), জাকোমো বোনাভেনতুরা (মিলান), আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), আলেস্সিও চের্চি (আতলেতিকো মাদ্রিদ), মাত্তেও দারমিয়ান (তোরিনো), দানিয়েলে দে রস্সি (রোমা), মাত্তিয়া দে শিলিও (এসি মিলান), স্তেফান এল শারাউই (মিলান), ক্লাওদিও মার্কিসিও (ইউভেন্তুস), মার্কো পারোলো (লাৎসিও), মানুয়েল পাসকুয়েল (ফিওরেন্তিনা), রবের্তো সোরিয়ানো (সাম্পদোরিয়া), মার্কো ভের্রাত্তি (পিএসজি)

ফরোয়ার্ড: মারিও বালোতেল্লি (লিভারপুল), সেবাস্তিয়ান জোভিনকো (ইউভেন্তুস), চিরো ইম্মোবিলে (বরুসিয়া ডর্টমুন্ড), গ্রাৎসিয়ানো পেল্লে (সাউথ্যাম্পটন), সিমোনে জাজা (সাসসুয়েলো)।