বিস্ময়কর আত্মঘাতী গোলে ডর্টমুন্ডের জয়
ফুটবল মাঠে আত্মঘাতী গোল তো হরহামেশাই হয়, কিন্তু ৫০ গজ দূর থেকে লব করে নিজেদের জালে বল পাঠানোর ঘটনা কয় জন দেখেছে? রোববার রাতে বুন্দেসলিগায় জার্মান ফুটবলার ক্রিস্টোফার ক্রামারের অদ্ভুত এই আত্মঘাতী গোলে সৌভাগ্যের জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড আর বরুসিয়া মনশেনগ্লাডবাখের ম্যাচটিতে গোলের দেখা পাচ্ছিল না কেউই। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে চরম ভুলটা করে বসেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রামার।
নিজেদের সীমানায় এক সতীর্থের বাড়ানো বল পেয়ে গোলরক্ষককের দিকে পাঠাতে চেয়েছিলেন ক্রামার। কিন্তু তার উঁচু লবে বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে যায়। ক্রামারের তখন মাথায় হাত, কিভাবে বলটা এত উঁচুতে উঠে গেল, বিশ্বাসই যেন করতে পারছিলেন না জার্মান এই মিডফিল্ডার।
ক্রামারের ওই চরম ভুল অবশ্য বরুসিয়া ডর্টমুন্ড শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে। লিগে টানা পাঁচটি হারের পর জয়ের দেখা পেয়েছে তারা।
একের পর এক হারে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে চলে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ড এই জয়ের ফলে ১৫তম স্থানে উঠে এল। ১১ ম্যাচে এখন গতবারের রানার্সআপদের পয়েন্ট ১০।
আর ক্রামারের এই কাণ্ডে ডর্টমুন্ডের ঠিক উল্টো অবস্থা হয়েছে মনশেনগ্লাডবাখের। লিগে তো বটেই, সব ধরণের প্রতিযোগিতা মিলে ১৯ ম্যাচে প্রথম হারের স্বাদ পেয়েছে দলটি। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
