সুয়ারেসের নৈপুণ্যে বার্সার জয়
আলমেরিয়ার মাঠে হারতে বসা বার্সেলোনাকে স্বস্তির জয় এনে দিয়েছেন লুইস সুয়ারেস। নিজে গোল পাননি; কিন্তু বদলি হিসেবে নেমে পিছিয়ে থাকা বার্সেলোনার দুটি গোলই বানিয়ে দিয়েছেন উরুগুয়ের এই তারকা।
শনিবার নেইমার আর জরদি আলবার গোলে আলমেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আগের দুটি ম্যাচ হারা বার্সেলোনা।
দুই তারকা ফুটবলার সুয়ারেস আর নেইমার ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। মেসিও শুরুর দিকে ছিলেন অনুজ্জ্বল। বার্সেলোনার খেলাতেও তার ছাপ পড়ে। ভালো কোনো আক্রমণ করতে পারছিলেন না শুরুর একাদশে থাকা মুনির এল হাদ্দাদি আর পেদ্রো।
এরই মধ্যে ২৮তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন মেসি। মুনির এল হাদ্দাদির ক্রসে রাকিতিচের হেড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে বল এসে পড়ে ফাঁকায় দাড়িয়ে থাকা মেসির কাছে। ফাঁকা গোলপোস্টের মাত্র ছয় গজ দূর থেকে মেসির হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
৩৭তম মিনিটে মেসির ভুলে এগিয়ে যায় আলমেরিয়া। প্রতিপক্ষের সীমানায় বল নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু তার কাছে থেকে বল ছিনিয়ে নিয়েই পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। বল নিয়ে অনেকটা দৌড়ে দিয়ে বাঁ প্রান্ত দিয়ে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দেন থিয়েভি বিফুমা।
পিছিয়ে থেকে আর দুই তারকাকে বেঞ্চে বসিয়ে রাখেননি লুইস এনরিকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই মেসির সঙ্গে যোগ দেন সুয়ারেস ও নেইমার; আর তাতেই ঘুরে যায় ম্যাচ। বিশেষ করে সুয়ারেস একের পর এক গোলের সুযোগ তৈরি করে দেন নেইমার ও মেসিকে।
৬১তম মিনিটে আবারও ক্রসবার গোল বঞ্চিত করে বার্সেলোনাকে। এবার কর্নার থেকে বল পেয়ে জোরালো ভলি করেছিলেন সুয়ারেস।
তবে বার্সেলোনাকে সমতায় ফেরাতে দেরি করেননি নেইমার। ৭২তম মিনিটের এই গোলের পুরো কৃতিত্ব অবশ্য সুয়ারেসের। ডি বক্সের ভেতর পায়ের জাদুতে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তিনি বল বাড়িয়েছিলেন ব্রাজিল তারকার দিকে।
চলতি মৌসুমে লিগে নেইমারের এটা দশম গোল।
একটু পরে নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। তবে তার কোনাকুনি শট চলে যায় বারের পাশ দিয়ে।
৭৯তম মিনিটে আবারও গোলপোস্ট বাঁচিয়ে দেয় আলমেরিয়াকে। এবার সুয়ারেস গোলের দিকে পেছন ফিরে বলটা উঠিয়ে দিয়েছিলেন মেসির মাথায়; কিন্তু ম্যাচে দ্বিতীয়বারের মতো তার হেড লাগে ক্রসবারে।
তবে এগিয়ে যাওয়া গোল পেতে বেশি দেরি হয়নি বার্সেলোনার। তিন মিনিট পর আবার সুয়ারেস জাদু। ডি বক্সের ভেতর থেকে তার নিখুঁত ক্রসে কোনোমতে পা লাগিয়ে স্বস্তির গোলটি করেন আলবা।
এ নিয়ে লিগের টানা তিন ম্যাচে গোল পেলেন না মেসি। অবশ্য ভাগ্যদেবীও যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার ওপর থেকে। সেলতা ভিগোর বিপক্ষে গত ম্যাচের মতো এই ম্যাচেও দুইবার গোলপোস্ট বঞ্চিত করে মেসিকে। অথচ তেলমো সাররার লা লিগায় সর্বোচ্চ ২৫১টি গোলের রেকর্ড ছুঁতে আর একটি গোল দরকার চার বারের বর্ষসেরা এই ফুটবলার।
বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামুলক ম্যাচে গোলের অপেক্ষায় আছেন গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩১ গোল করা সুয়ারেসও। তবে এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে বার্সেলোনা সমর্থকদের মন নিশ্চয়ই কাড়বেন ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড।
এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে লুইস এনরিকের দল।
