২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল শুধরে সেমির লক্ষ্য এমিলিদের

বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান মিঠুন, এমিলিরা। আগামী ডিসেম্বরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের সেরাটা খেলে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতিও সারতে চান জাতীয় দলের এই দুই স্ট্রাইকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 08:39 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের পারফরম্যান্স ও মনোযোগ নিয়ে অসন্তুষ্টির কথা জানান। এরপর মিঠুন ও এমিলি গোল্ডকাপের লক্ষ্য পূরণের জন্য ভুলগুলো শুধরে নেয়ার কথা বলেন।

মিঠুন চৌধুরী বলেন, “ওদের দেশ (জাপান) বিশ্বকাপে খেলে। ওরা আসলে নেপাল, শ্রীলঙ্কার চেয়ে ভালো দল। আমি মনে করি, আমাদের যেগুলো ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে হবে। ভুলগুলো শুধরে নিতে হবে। আরো বেশি অনুশীলন করতে হবে।”

দলের কাছে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপার আশা করেননি বাফুফে সভাপতি। তবে ছেলেদের কাছ থেকে সেরাটা চান তিনি। মিঠুন জানালেন দলের লক্ষ্য।

“দেশের মাটিতে খেলা হবে (বঙ্গবন্ধু গোল্ডকাপ)। কমপক্ষে সেমি-ফাইনালে খেলার ইচ্ছা আছে আমাদের।”

নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মনোযোগ হারিয়ে মাঝেমধ্যে ছন্নছাড়া ফুটবলও খেলেছে স্বাগতিকরা। গোল্ডকাপের আগে নিজেদের সেরা ছন্দ ফিরে পাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন এমিলিও।

“আমরাও নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং বলেছি নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। গোল্ডকাপে আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলব। ভালো করতে হলে গত প্রীতি ম্যাচগুলোর ঘাটতি আগে পূরণ করতে হবে।”

ব্যক্তিগত লক্ষের কথাও জানান দেশের হয়ে ১৮টি আন্তর্জাতিক গোল করা এমিলি।

“এ ধরণের আসরে খেলার সৌভাগ্য আগে হয়নি। এ ধরণের আসর নিজেকে মেলে ধরার সুযোগ। আমি যদি খেলি, অবশ্যই ভালো করার চেষ্টা করব।”

কাতার, বাহরাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, পাকিস্তান ও বাংলাদেশ-এই আট দেশ নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।