২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের খেলায় সন্তুষ্ট নন সালাউদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ জেতায় সংবর্ধনা পাওয়ার পাশাপাশি সমালোচনাও শুনতে হলো জাতীয় ফুটবল দলের সদস্যদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 08:28 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

যশোরের প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে বাংলাদেশ। রাজশাহীতে জাহিদ হাসান এমিলির একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। তবে জিতলেও দলের পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ ফুটবল ফেডারশেন সভাপতি সালাউদ্দিন।

“সবাই দলের প্রশংসা করলাম। জিতলে প্রশংসা হবেই। কিন্তু আমার মনের কথাটা বলছি; আমি সন্তুষ্ট নই। আমি দুঃখিত। দলের কাছে আরো বেশি আশা করেছিলাম।”

“নেপালের কাছে আমরা এক গোলে জিতেছি; কিন্তু পরের ম্যাচে এক গোলে হেরেছি। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ড্র করেছি এবং পরের ম্যাচে এক গোলে জিতেছি। এই ফল করার দল এটা নয়। একজন সাবেক ফুটবলার হিসেবে আমি মনে করি নেপাল, শ্রীলঙ্কার চেয়ে এটা (বাংলাদেশ) অনেক ভালো দল,” যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজ জেতায় ফুটবল দলকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। তবে আরো বেশি পুরস্কার পেতে হলে এমিলিদের করণীয়টা জানিয়েছেন সালাউদ্দিন।

“বোনাস নেয়াটা তোমাদের জানতে হবে। এভাবে খেলে একদিন, দুইদিন তুমি বোনাস পাবে।”

যশোর ও রাজশাহীতে গোলের একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি এমিলিরা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে গোলের হন্য হাপিত্যেশ করেছে বাংলাদেশ। সালাউদ্দিনের বিশ্বাস এ দুর্বলতা কাটিয়ে উঠতে হলে ফুটবলারদের মনোযোগ বাড়াতে হবে।

“আমার মনে হয়, কোথায় যেন একটু ঘাটতি থেকে যাচ্ছে। এমিলি, জাহিদ তোমরাও আমার সঙ্গে একমত হবে। আমার মনে হয়, তোমরাও এ রেজাল্টে খুশি নও। তোমাদের কোয়ালিটি আরো ভালো করা উচিত।”