দিল্লিতে আরেক ধাপ এগিয়েছেন সিদ্দিকুর
ভারতের প্যানাসনিক ওপেনের তৃতীয় দিনে আরেক ধাপ এগিয়েছেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১০ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
শনিবার দিল্লি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে মোট তিন শট কম খেলেন সিদ্দিকুর। বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার এই রাউন্ডে মোট পাঁচটি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) খেলেন। দুইবার ‘বোগি’ও (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন তিনি।
চোট কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক গলফে ফেরা সিদ্দিকুর প্রথম দিনে ভালো করতে পারেননি। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে চতুর্দশ স্থানে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দিন শেষে মোট সাত শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে আসেন।
তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট তিন শট কম খেলে যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের আরেক খেলোয়াড় জামাল হোসেন।
পারের চেয়ে মোট ১১ শট কম খেলে শীর্ষে আছেন ভারতের রাহিল গাংজি।
