২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের বিপক্ষে আর্জেন্টিনা দলে ভেরজিনি

আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সান্তিয়াগো ভেরজিনি। ইংল্যান্ডে ক্রোয়েশিয়া ও পর্তুগালের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন সান্ডারল্যান্ডের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

সান্ডারল্যান্ডের সেন্টার ব্যাক ভেরজিনি দলে সুযোগ পান মূলত এসেকিয়েল গারায় আর ফেদেরিকো ফের্নান্দেসের চোটের কারণে। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেন ভেরজিনি। যার সর্বশেষটি গত মাসে এশিয়া সফরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি ৭-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার আগে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এক সংবাদ সম্মেলনে ভেরজিনিকে দলে নেয়ার কথা বলেন মার্তিনো।

“মার্কোস (রোহো), এসেকিয়েল ও ফেদেরিকোকে নিয়ে সমস্যা আছে আমাদের। এই কারণে আমরা জোনাথন সিলভা আর এখন সান্তিয়াগো ভেরজিনিকে নিলাম।”

আর্জেন্টিনার হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা স্পোর্তিং লিসবনের ডিফেন্ডার সিলভাকে এই সপ্তাহের শুরুর দিকে দলে ডেকেছিলেন মার্তিনো। দলে তার জায়গা হয় রোহোর চোটের কারণে।

আর্জেন্টিনা ভীষণ চোট সমস্যায় ভুগছে। চোটের কারণে ইংল্যান্ডে দুটি প্রীতি ম্যাচে বিশ্বকাপে খেলা রক্ষণভাগের মাত্র দুজনকেই পাচ্ছে তারা-পাবলো সাবালেতা ও মার্তিন দেমিচেলিস।

মার্তিনোর আর্জেন্টিনা আগামী বুধবার ওয়েস্ট হ্যামের মাঠ আপটন পার্কে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। ৬ দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে পর্তুগালের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: সের্হিও রোমেরো (সাম্পদোরিয়া), নাউয়েল গুসমান (তাইগ্রেস), উইলফ্রেদো কাবালেরো (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ভালেন্সিয়া), ক্রিস্তিয়ান আনসালদি (আতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দা রোনকাগ্লিয়া (জেনোয়া), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ফাসিও (টটেনহ্যাম হটস্পার), জোনাথন সিলভা (স্পোর্তিং লিসবন), সান্তিয়াগো ভেরজিনি (সান্ডারল্যান্ড)।

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), এভের বানেগা (সেভিয়া), রবের্তো পেরেইরা (ইউভেন্তুস), লুকাস বিগলিয়া (লাৎসিও), আনহেল দি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার), হাভিয়ের পাস্তোরে (পিএসজি), এনসো পেরেস (বেনফিকা), নিকোলাস গাইতান (বেনফিকা)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গনসালো হিগুয়াইন (নাপোলি), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), কার্লোস তেভেস (ইউভেন্তুস)।