দিল্লিতে সিদ্দিকুরের উন্নতি
চোট কাটিয়ে ফেরা সিদ্দিকুর রহমান ভারতের প্যানাসনিক ওপেনের দ্বিতীয় দিনে দারুণ উন্নতি করেছেন। দুই রাউন্ড শেষে পারের চেয়ে মোট সাত শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
শুক্রবার দিল্লি গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে মোট পাঁচ শট কম খেলেন সিদ্দিকুর। বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার এই রাউন্ডে দুটি করে ‘ঈগল’ (পারের চেয়ে দুই শট কম খেলা) ও ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) খেলেন। একবার ‘বোগি’ও (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন তিনি।
প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে চতুর্দশ স্থানে ছিলেন সিদ্দিকুর।
দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১ শট কম খেলে যৌথভাবে ২৪তম স্থানে আছেন বাংলাদেশের আরেক খেলোয়াড় জামাল হোসেন।
প্রথম রাউন্ডে অবশ্য খুব ভালো খেলেছিলেন জামাল। পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে পিছিয়ে পড়েন তিনি।
