চেলসি ম্যাচের আগে লিভারপুলের কষ্টের স্মৃতি
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে লিভারপুলের সামনে আসছে গত মৌসুমের কষ্টের স্মৃতি। লন্ডনের দলটির কাছে হেরেই সেবার শিরোপা জয়ের স্বপ্নে বড় একটা ধাক্কা খেয়েছিল কোচ ব্রেন্ডন রজার্সের দল।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় অ্যানফিল্ডে হবে ম্যাচটি।
গত এপ্রিলে অ্যানফিল্ডের ওই ম্যাচে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। সেবার চেলসির মাঠেও ২-১ ব্যবধানে হারে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। তবে পুরনো হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় তারা।
তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের নৈপুণ্যে গত মৌসুমে ইপিএলের রানার্সআপ হয় লিভারপুল। কিন্তু সুয়ারেস বার্সেলোনায় যোগ দেয়ায় আর আরেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ চোটের কারণে নিয়মিত খেলতে না পারায় চলতি মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে স্টিভেন জেরার্ডরা।
সব ধরণের প্রতিযোগিতা মিলে গত চার ম্যাচে জয়ের দেখা পায়নি লিভারপুল। তার মধ্যে শেষ দুই ম্যাচসহ তিনটিতেই হেরেছে তারা, অন্যটি ড্র হয়েছে।
লিগের ১০ রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিভারপুল। আর এখন পর্যন্ত অপরাজিত চেলসি ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
দারুণ ফর্মে থাকা চেলসির বিপক্ষে জেতাটা কঠিন হবে বলে মনে করেন লিভারপুল কোচ রজার্স। তবে ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় জয়ের আশা ছাড়ছেন না।
“আমরা যখন অ্যানফিল্ডে খেলি, তখন প্রতিপক্ষ কোনো ব্যাপার না। মাঠে নেমে একটা ফল পাওয়ার ব্যাপারে আমাদের সব আত্মবিশ্বাস আছে।”
