রোমাকে হারিয়ে নকআউট পর্বে বায়ার্ন
দুই ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে রোমাকে ২-০ গোলে হারিয়েছে জার্মানির সবচেয়ে সফল দলটি।
‘ই’ গ্রুপে নিজেদের চার ম্যাচের সবকটিতেই জয় পেল বায়ার্ন। প্রথম লেগে রোমার মাঠ থেকে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল পেপ গার্দিওলার বায়ার্ন।
বুধবার রাতে আলিয়াঞ্জ আরেনায় শুরু থেকে রোমার গোলমুখে চাপ সৃষ্টি করে বায়ার্ন। তবে গোল পেতে জার্মান চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয় ৩৮তম মিনিট পর্যন্ত। স্বাগতিকদের এগিয়ে দেয়া গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি। বাম কোনা দিয়ে আক্রমণে যাওয়া দাভিদ আলাবার সুযোগ সন্ধানী ক্রস দ্রুত দৌড়ে এসে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরাসি এই তারকা।
২০তম মিনিটেই এগিয়ে যেতে পারত বায়ার্ন; কিন্তু ডি বক্সের মাঝখান থেকে মারিও গোটসের বাড়ানো বলে হুয়ান বেরনাত শট নিতে দেরি করায় তা হয়নি। এরপর রিবেরি অল্প সময়ের ব্যবধানে রবের্ত লেভানদোভস্কি ও ফিলিপ লামকে দুইবার বল এগিয়ে দেন; কিন্তু দুজনেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
প্রথমার্ধে গোল করার সেরা সুযোগটি পান রোমার রাদিয়া নাইনগোলান; কিন্তু তিনি শট নেয়ার আগেই বল বিপদমুক্ত করেন গোলরক্ষক মানুয়েল নয়ার।
৬৪তম মিনিটে ব্যবধান বাড়ায় বায়ার্ন। পোল্যান্ডের ফরোয়ার্ড লেভানদোভস্কির ক্রস থেকে জোরালো শটে গোল করেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়ের নায়ক গোটসে।
৮৪তম মিনিটে অসাধারণ দুটি সেভ করে রোমার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন নয়ার। অ্যাশলি কোলের ব্যাকহিল থেকে পাওয়া বলে জার্ভিনিয়োর শট পা দিয়ে ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক। এরপর ফিরতি বলে নেয়া নাইনগোলানের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষক।
গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারায় সিএসকেএ মস্কো। রোমার সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে বায়ার্নের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে তারা। ২ পয়েন্ট নিয়ে তালিকায় তলানিতে থাকলেও দুই ম্যাচ হাতে থাকায় সিটির নকআউট পর্বের আশা এখনো বেঁচে আছে।
