২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্বকাপ গ্রীষ্মে হলে ‘বর্জনের হুঁশিয়ারি’

২০২২ সালের কাতার বিশ্বকাপ গ্রীষ্মে হলে খেলোয়াড়েরা টুর্নামেন্টটি বর্জন করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর প্রধান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 12:59 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

গ্রীষ্মে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কাতারের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত উত্তর গোলার্ধে গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। টুর্নামেন্টের জন্যে ফিফা এখনও অবশ্য কোনো দিন-তারিখ ঠিক করেনি।

ফিফপ্রো সাধারণ সম্পাদক থিও ফন সেগেলেন জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার বিষয়টি ফিফপ্রো মেনে নেবে না। কাতারে গ্রীষ্মের সময়ে বিশ্বকাপ হলে ফিফার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আদালতে যাবেন। খেলোয়াড়দের সেখানে না যাওয়ার পরামর্শ দেন এই ডাচ কর্মকর্তা।

বিবিসিকে তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেব।”

ফন সেগেলেন অবশ্য বিশ্বাস করেন, টুর্নামেন্টটি গ্রীষ্মে আয়োজন করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা নিজেদের চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য করবে না।

২০১০ সালে ফিফার নির্বাহী কমিটির ভোটে কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। কিন্তু তারপর থেকেই দেশটির অত্যধিক তাপমাত্রা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। খেলা বছরের কোন সময়টায় শুরু করা উচিত - এ নিয়ে আলোচনা চলছে এক বছরেও বেশি সময় ধরে।

ইউরোপের বড় ক্লাবগুলো অবশ্য মে মাসে বিশ্বকাপ চায়। কারণ শীতকালীন টুর্নামেন্ট তাদের ঘরোয়া লিগগুলোয় বিঘ্ন ঘটাবে। ক্লাবগুলোর এমন মতের সমালোচনা করেছেন ফন সেগেলেন।

“ক্লাবগুলোর অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থের চেয়ে খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা সবসময় বেশি গুরুত্বপূর্ণ।”

ফুটবল খেলতে অবশ্যই পৃষ্ঠপোষক প্রয়োজন, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না বলে মনে করেন নেদারল্যান্ডসের ওই কর্মকর্তা।

কাতার বিশ্বকাপের সময়সূচি নিয়ে সোমবার জুরিখে ফুটবলের সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তিদের আলোচনায় যোগ দিয়েছিলেন ফন সেগেলেনও। আলোচনায় কাতার বিশ্বকাপের জন্য দুটি সম্ভাব্য সময় বের হয়েছে- নভেম্বর ও ডিসেম্বর অথবা জানুয়ারি ও ফেব্রুয়ারি।