আয়াক্সের মাঠে বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াই
ইউরোপীয় ক্লাব ফুটবলে আয়াক্সের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ছন্দপতন হয়তো কিছুটা ভাবনায় ফেলেছে বার্সেলোনাকে। তবে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া দুর্দান্ত আক্রমণভাগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে স্পেনের সফলতম দলটি।
বুধবার নেদারল্যান্ডসের আয়াক্সের মাঠ আমস্টারডাম আরেনায় বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মুখোমুখি হবে দল দুটি। একই দিনে একই সময়ে ‘এফ’ গ্রুপের অন্য দুই দল পিএসজি ও আপোয়েল মাঠে নামবে।
এই দুই ম্যাচে পিএসজি ও বার্সেলোনা জিতলে উভয় দলের সেরা ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে।
বার্সেলোনা কোচ লুইস এনরিকে মনে করেন, টিকে থাকতে নিজেদের মাঠে তাই মরিয়া হয়ে খেলবে আয়াক্স।
গত সপ্তাহে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ ব্যবধানে হারের পর গত শনিবার সেলতা ভিগোর কাছে নিজেদের মাঠেই ১-০ গোলে হেরে বসে মেসি-নেইমাররা। টানা এই দুই হারে লিগের শীর্ষস্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে তারা।
তবে বার্সেলোনা কোচ মনে করেন তার খেলোয়াড়রা কোনো চাপ ছাড়াই ম্যাচটি খেলতে যাবে। তবে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন স্পেনের এই কোচ।
“আমি দলের ভালো পারফরমেন্স আশা করছি। আর এখন পর্যন্ত আমি আশাবাদী।”
আয়াক্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের ফল থেকে অনুপ্রেরণা পেতে পারে নেইমাররা। গত ২১ অক্টোবর ক্যাম্প নউতে নেদারল্যান্ডসের সফল দলটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ২০১০-১১ মৌসুমে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জেতা বার্সেলোনা।
বার্সেলোনার বিপক্ষে আয়াক্সের পুরনো স্মৃতিও কিন্তু কম অনুপ্রেরণাদায়ক নয়। তার ওপর ঘরের মাঠে খেলার সুবিধা তো থাকছেই। গত বছরের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই নিজেদের মাঠে ২-১ ব্যবধানে মেসিদের হারিয়ে দিয়েছিল দলটি।
প্রতিপক্ষের আক্রমণভাগে মেসি, নেইমার, সুয়ারেসের মতো সব তারকারা। আয়াক্সের কোচ ফ্রাঙ্ক ডি বোর জানেন, এমন শক্তিশালী দলকে হারাতে হলে কঠিন লড়াই করতে হবে। তবে ভয় পেলে চলবে না, শিষ্যদের সেটাই বোঝাতে চাচ্ছেন।
“(প্রতিপক্ষকে) সবসময় সম্মান দেখাতে হবে কিন্তু এর মানে এই নয় যে তাদেরকে তোমার ভয় পেতে হবে। গত বছর (বার্সেলোনার) বিপক্ষে আমরা দেখিয়েছি যে, উপরের সারির দলের বিপক্ষে আমরা খেলতে পারি। আগামীকাল (বুধবার) আমি আমার দলের কাছ থেকে সেই আত্মবিশ্বাস দেখতে চাই।”
কোনো রাখঢাক না করে প্রতিপক্ষের সেরা খেলোয়াড় মেসিকে আটকানোর পরিকল্পনার কথা সরাসরি জানিয়ে দিলেন ডি বোর।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দল হিসেবে খেলে যাব এবং সবসময় মেসির কাছে কেউ থাকবে। মেসি, সুয়ারেস অথবা নেইমারকে তাদের ভয় পেলে চলবে না।”
ম্যাচটি সুয়ারেসের জন্য একটু ভিন্ন অনুভূতির হতে যাচ্ছে। ২০১১ সালে লিভারপুলে যোগ দেয়ার আগে আয়াক্সের হয়ে সাড়ে তিন বছরে ১৫৯ ম্যাচ খেলে ১১১ গোল করেছিলেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্সের দল পিএসজি, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা আয়াক্স ও আপোয়েলের পয়েন্ট যথাক্রমে ২ ও ১।
