ইউভেন্তুসের ঘাম ঝরানো জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ইউভেন্তুস। গ্রিক দলটিকে ৩-২ গোলে হারিয়েছে ইতালির ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
ইউভেন্তুস স্টেডিয়ামে ২১তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সামনের প্রাচীরের উপর দিয়ে দারুণ বাঁকানো ফ্রি কিক শটে গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।
বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইতালির ঘরোয়া লিগের সফলতম দলটি। তিন মিনিট পরেই গোলটি শোধ করে দেয় অলিম্পিয়াকোস। আর্জেন্টিনার স্ট্রাইকার আলেহান্দ্রো দোমিনগুয়েসের ক্রসে হেড করে বল জালে জড়ান স্পেনের ডিফেন্ডার বোতিয়া।
বিরতির পর ৬১তম মিনিটে স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন কঙ্গোর মিডফিল্ডার ডেলভিন এনডিঙ্গা।
গ্রিক দলটিও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। চার মিনিট পর অলিম্পিয়াকোসের গোলরক্ষক হিমেনেজ গাগোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে দুইবারের চ্যাম্পিয়নরা।
আর ৬৬তম মিনিটে পল পোগবার সাফল্যে ফের এগিয়ে যায় ইউভেন্তুস। ডান পায়ের শটে গোলপোস্টের ডান কোনা দিয়ে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার পোগবা।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।
এই জয়ে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইউভেন্তুস; চার রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অলিম্পিয়াকোসের পয়েন্টও ৬, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
গ্রুপের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে সুইডেনের দল মালমোকে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেনের দলটি।
