২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় আর্সেনালের হতাশা

দারুণ নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ মূহূর্তে গোল খেয়ে আন্ডারলেখটের সঙ্গে ড্র করেছে আর্সেনাল। এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার আশা ঝুলে রইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 04:47 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

বুধবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের চতুর্থ খেলায় বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে এগিয়ে গিয়েও ৩-৩ গোলে ড্র করে আর্সেনাল।

ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকলেও আর্সেনালের নকআউট পর্ব নিশ্চিত হয়নি। কেননা চার ম্যাচে ২ পয়েন্ট পাওয়া আন্ডারলেখটের সামনেও সুযোগ আছে সেরা ষোলোর টিকেট পাওয়ার। দুটি দলেরই গ্রুপ পর্বে ২টি করে ম্যাচ বাকি আছে।

এমিরেটসে স্বাগতিক আর্সেনালকে ম্যাচের শুরুর দিকে ভালোই আটকে রাখে আন্ডারলেখট। কিন্তু চার মিনিটের ব্যবধানে দুই গোল করে বেলজিয়ামের ক্লাবটির প্রতিরোধের দেয়াল গুঁড়িয়ে দেন মিকেল আরতেতা ও আলেক্সিস সানচেস।

প্রতিপক্ষের ডি বক্সে ড্যানি ওয়েলব্যাক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। তা থেকেই ২৫তম মিনিটে ডান পায়ের মাপা শটে আন্ডারলেখটের জালে বল জড়াতে ভুল হয়নি আরতেতার।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেস। কর্নার থেকে পাওয়া বল ডান দিক দিয়ে প্রতিপক্ষের জালে জড়ান বার্সেলোনা থেকে এ মৌসুমে আর্সেনালে যোগ দেয়া এই স্ট্রাইকার।

৫৮তম মিনিটে আর্সেনালকে ৩-০ গোলে এগিয়ে দেন অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন।

অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ায় আন্ডারলেখট। ৬১তম মিনিটে আন্থোনি ভানডেন গোল করে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন।

১১ মিনিট পর লড়াই আরো জমে ওঠে। আলেকসান্দার মিত্রোভিচকে আর্সেনালের নাচো মনরিয়েল ফাউল করলে পেনাল্টি পায় আন্ডারলেখট। তা থেকেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন ভানডেন।

আর নির্ধারিত সময়ের শেষ মিনিটের নাটকীয়তায় জয়টা হাতছাড়া হয় আর্সেনালের। অ্যান্ডি নাজারের ক্রসে মিত্রোভিচ হেড দিয়ে গোল করলে নকআউট পর্বে খেলার স্বপ্ন বেঁচে থাকে আন্ডারলেখটের।

প্রথম লেগে নিজেদের মাঠে আন্ডারলেখট ২-১ গোলে আর্সেনালের কাছে হেরেছিল।