বেনজেমার গোলে নকআউট পর্বে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে এক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে ফিরতি লেগে একমাত্র গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে কোচ কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে রিয়ালের জয়ের নায়ক করিম বেনজেমা। একমাত্র গোলটি করেন তিনি। সবধরণের প্রতিযোগিতা মিলে রিয়ালের এটা টানা দ্বাদশ জয়।
টানা ১১ ম্যাচে জয়, সাফল্যের ওই ধারাবাহিকতায় সর্বমোট ৪৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠানোর আত্মবিশ্বাস- সবমিলিয়ে আরেকটি বড় জয়ের প্রত্যাশায় থাকা রিয়াল চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু হামেস রদ্রিগেসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক সিমোন মিগনোলেত।
সাত মিনিট পর ফের মিগনোলেত বীরত্ব। ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত শটটা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বেলজিয়ামের এই গোলরক্ষক। তবে দারুণ ফর্মে থাকা রিয়ালের আক্রমণভাগের সামনে বেশিক্ষণ বাধা হয়ে থাকতে পারেননি তিনি। ২৭তম মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের ডি বক্সের সামনে ধীর গতির খেলায় মুহূর্তের মধ্যে গতির সঞ্চার করে রিয়াল। ইসকোর বাড়ানো বল পেয়ে দ্রুত ডি বক্সে ঢুকে গোল মুখে একটি ক্রস দেন ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলো। আর সতীর্থের ক্রসটাকে গোলে রুপান্তর করতে বেনজেমা ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে দারুণভাবে বলে পা লাগান।
গত মাসে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
৩৫তম মিনিটে রোনালদোর নেয়া জোরালো ফ্রি কিক শটটা মিগনোলেত ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় লিভারপুল। চার মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যেভেদে আবারো ব্যর্থ হন রিয়ালের সবচেয়ে বড় তারকা।
বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে সমানভাবে চাপ বজায় রাখে রিয়াল। তবে সাফল্য মিলছিল না। মাঝে মধ্যে অতিথিরা পাল্টা আক্রমণে গেলেও রামোস-মার্সেলোদের বাধা ভাঙতে পারছিল না তারা।
৫৮তম মিনিটে অবশ্য ভালো একটা সুযোগ পেয়েছিল লিভারপুল। স্পেনের ডিফেন্ডার আলবের্তোর পাস পেয়ে ডি বক্সের মধ্যে ঢুকে শট নিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লালানা। কিন্তু লক্ষ্য ঠিক রাখতে পারেননি তিনি।
৬৮তম মিনিটে দারুণ একটা সুযোগ নষ্ট করেন গতবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো। বেনজেমার সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সে ঢুকে পড়েছিলেন কিন্তু শট নিতে একটু দেরি করে ফেলেন।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেল। কিন্তু মার্সেলোর ক্রসে নেয়া তার শটটি দুর্ভাগ্যবশত ক্রসবারে লাগে। এর খানিক আগে রদ্রিগেসের বদলি হিসেবে নামেন ফরোয়ার্ড বেল।
শেষ ১০ মিনিটে আরো দুবার সুযোগ পান ওয়েলসের খেলোয়াড় বেল কিন্তু বল জালে জড়াতে পারেননি তিনি।
চার ম্যাচের সবকটিতে জিতে নকআউট পর্ব নিশ্চিত করা রিয়ালের পয়েন্ট ১২।
মঙ্গলবার রাতে 'বি' গ্রুপের অন্য ম্যাচে লুদোগোরেতসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সুইজারল্যান্ডের বাসেল। সমান ৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে লিভারপুল ও লুদোগোরেতস।
