এবার হেরেই গেল মিলান
পালেরমোর বিপক্ষে জিতে সেরি আর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ওঠার সুযোগ ছিল এসি মিলানের। কিন্তু টানা দুটি ড্রয়ের পর এবার হেরেই গেল দেশটির অন্যতম সফল দলটি।
রোববার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচে পালেরমোর কাছে ২-০ গোলে হারে মিলান। টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার পর হারলো তারা।
নিজেদের মাঠ সান সিরোতে প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোলে পিছিয়ে পড়ে মিলান। ২৩তম মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার ক্রিস্তিয়ান সাপাতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় পালেরমো। আর ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দাইবালা।
এবারের মৌসুমে লিগে মিলানের এটা দ্বিতীয় হার। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মিলান।
সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস।
