আগুয়েরোর গোলে ইউনাইটেডকে হারাল সিটি
চোট সমস্যা আর গত তিন ম্যাচে জয়শূন্য থাকার হতাশা কাটিয়ে মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ জিতে নিয়েছে সিটি। সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে নগর প্রতিপক্ষ ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল বর্তমান চ্যাম্পিয়রা।
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বির আগে দুই দলেই ছিল চোট সমস্যা। মিডফিল্ডার দাভিদ সিলভাকে ছাড়াই রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন না স্ট্রাইকার রাদামেল ফালকাও। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার ওয়েইন রুনি ফেরার স্বস্তি ছিল ইউনাইটেড শিবিরে।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো ছিল না। নতুন কোচ লুইস ফন গালের অধীনে মৌসুমের শুরু থেকেই হোঁচট খেতে খেতে পথ চলছে ইউনাইটেড। অন্যদিকে, মৌসুমটা ভালোভাবে শুরু করলেও সাম্প্রতিক সময়টা ভালো কাটছিল না সিটির। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে জয়হীন ছিল মানুয়েল পেল্লেগ্রিনির দল।
ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। দশম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগও পেয়েছিল অতিথিরা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বেলজিয়ামের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই।
এরপর থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রভাব বিস্তার করতে শুরু করে সিটি। বিংশতম ও ২১তম মিনিটে দুবার সের্হিও আগুয়েরোর গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দি হেয়া।
৩৮তম মিনিটে বড় একটা ধাক্কা খায় ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। জেমস মিলনারকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিং।
এক জন কম নিয়ে খেললেও প্রথমার্ধের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেয় লিগের সফলতম দলটি। বিরতির পরও আগুয়েরো-ইয়াইয়া তোরেদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ করে ভালোই জবাব দিচ্ছিল রুনি-আনহেল দি মারিয়ারা। তারই মাঝে ৫৫তম মিনিটে ইউনাইটেড শিবিরে আবারো অঘটন ঘটে; আহত হয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহো।
এর সাত মিনিট পরেই প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগে সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। কোত দি ভোয়ার ইয়াইয়া তুরের বাড়ানো বল ধরে ডি বক্সের বাঁ দিকে ছুটে গিয়ে দারুণ একটি ক্রস দেন ফরাসি ডিফেন্ডার গাইল ক্লিশি। তা থেকে জাল খুঁজে পেতে এবার আর ভুল করেননি আর্জেন্টিনা ফরোয়ার্ড আগুয়েরো।
লিগে এ নিয়ে ১০ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রইলেন আগুয়েরো।
৭৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু হেসুস নাভাসের শটটা গোলপোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিক সমর্থকদের।
এর এক মিনিট পরেই ম্যাচে ফেরার ভালো সুযোগ পায় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ইউনাইটেড। কিন্তু শট নিতে দেরি করে ফেলেন রুনি। বল পেয়ে যান ডি বক্সে ঢুকে পড়া রবিন ফন পের্সি। কোনাকুনি শট নিয়েছিলেন ওই ডাচ স্ট্রাইকার, কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক।
শেষ দিকে ধারাবাহিক আক্রমণ করে যাওয়া সিটি ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগ পেয়েছিল। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ইউনাইটেডও। কিন্তু উভয় দলের আক্রমণভাগের ব্যর্থতায় ১-০ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।
এই জয়ের ফলে ১৯৭০ সালের পর প্রথমবারের মতো ইপিএলে টানা চারটি মানচেস্টার ডার্বি জিতলো সিটি।
১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্টে পার্থক্য ৬।
সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ইউনাইটেড।
