এবার রোনালদোর দর্শনীয় ব্যাকহিল
মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে যাওয়ার পাশাপাশি এবার সতীর্থদের গোলে দর্শনীয় ভূমিকা রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গ্রানাদার বিপক্ষে লা লিগার ম্যাচে যেন ব্যাকহিল করার নেশায় পেয়েছিল পর্তুগিজ এই তারকাকে। ম্যাচে মোট তিনবার ব্যাকহিলে সফল পাস দেন তিনি যার দুটিতেই গোল পায় রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে গ্রানাদার মাঠে ৪-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দিয়ে ক্লাবের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে গোল করার ধারাবাহিকতা ধরে রাখেন রোনালদো। ৩১তম মিনিটে ব্যবধান ২-০ করেন হামেস রদ্রিগেস।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বেনজেমার গোলে অসাধারণ অবদান ছিল রোনালদোর। ডি বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড় কিছু বুঝে ওঠার আগেই বেনজেমার দিকে ব্যাকহিল করেছিলেন রোনালদো।
এরপর নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেসের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর ব্যাকহিল জাদু। সামনে বল বাড়ানোর আগে পড়ে গিয়েছিলেন রোনালদো; শুয়ে পড়া অবস্থাতেই ব্যাকহিলে পাসটি দেন তিনি।
এই মৌসুমে লিগে এ পর্যন্ত ১৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন রোনালদো। রিয়ালের জার্সিতে সবধরণের প্রতিযোগিতা মিলে রোনালদোর গোল সংখ্যা ২০।
