দারুণ গোলে ম্যাচ সেরা অস্কার
ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অসাধারণ এক গোল করা অস্কারকে প্রশংসায় ভাসিয়েছেন জোসে মরিনিয়ো। ব্রাজিলের এই মিডফিল্ডারকে ম্যাচে দলের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন চেলসি কোচ।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার কিউপিআরকে ২-১ গোলে হারায় চেলসি। দলকে এগিয়ে দেয়া দর্শনীয় গোলটি করেন অস্কার।
শুধু গোলটির জন্যই নয়, পুরো ম্যাচে অস্কারের খেলায় দারুণ খুশি মরিনিয়ো।
“খুব প্রতিভাবান একটি ছেলের জন্য গোলটি অসম্ভব নয়। আমি মনে করি, পুরো ৯০ মিনিটে সে আমাদের সেরা খেলোয়াড় ছিল। শুধু গোলটির জন্য নয়; … মাঠে সবসময়ই সে ছিল তীক্ষ্ণ।”
সেস ফাব্রেগাসের থেকে পাওয়া পাসটিকে ১২ গজ দূর থেকে গোলে রূপ দেন অস্কার। ডান পায়ের বুটের বাইরের অংশ দিয়ে বলটি দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।
নতুন মৌসুমে চেলসির হয়ে দারুণ খেলছেন ব্রাজিলের মিডফিল্ডার। মূল কাজ গোল করানোর পাশাপাশি গোল করেও যাচ্ছেন অস্কার।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ খেলে ৩ গোল করেন অস্কার। ইংলিশ লিগ কাপেও একটি গোল পান ব্রাজিলের মাঝমাঠের অন্যতম তারকা।
অস্কারের প্রশংসা করলেও পুরো দলের খেলায় খুব একটা খুশি নন মরিনিয়ো।
“আমার দল বেশি ভালো খেলেনি অথবা আমি যতটা আশা করেছিলাম, ততটা ভালো খেলেনি। আমি আরো বেশি আশা করেছিলাম।”
এই জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চেলসি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাউথ্যাম্পটন।
