এগিয়ে গিয়েও বায়ার্নের কাছে ডর্টমুন্ডের হার
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় খারাপ সময় কাটছেই না গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের। শনিবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি বরুসিয়া। তাদেরকে ২-১ গোলে হারিয়ে লিগে অপরাজিত রয়েছে দেশটির সফলতম দল বায়ার্ন।
লিগে বরুসিয়ার এটা টানা পঞ্চম এবং এই মৌসুমে সপ্তম হার। এই হারের ফলে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে নেমে গেছে বরুসিয়া।
সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বায়ার্নের শীর্ষস্থান আরো মজুবত হয়েছে।
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় ৩১তম মিনিটে মার্কো রয়েসের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল বরুসিয়া। পাল্টা আক্রমণ থেকে গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের ক্রসে হেড করে বল জালে পাঠান জার্মানির মিডফিল্ডার রয়েস।
৭২তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো বল ধরে নিচু শটে বায়ার্নকে ম্যাচে ফেরান রবের্ত লেভানদোভস্কি। এ মৌসুমেই ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।
নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট বাকি থাকতে ডি বক্সের মধ্যে রিবেরিকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন বরুসিয়ার সার্বিয়ার ডিফেন্ডার নেভেন সুবোতিচ। আর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আরিয়েন রবেন।
