২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার, হ্যাজার্ডে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। অস্কার ও এডেন হ্যাজার্ডের গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে জোসে মরিনিয়োর দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 12:27 AM

Updated : 13 Oct 2022, 12:45 PM

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম আধ ঘণ্টায় গোল পায়নি চেলসি। অবশেষে ৩২তম মিনিটে অস্কার এগিয়ে দেন স্বাগতিকদের।

প্রতিপক্ষের দুই জন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাস বল বাড়ান ডি বক্সের ডান প্রান্তে থাকা অস্কারকে। বুটের বাইরের অংশ দিয়ে দর্শনীয় বাঁকানো শটে বাম কোনা দিয়ে বল জালে পাঠান ব্রাজিলের এই মিডফিল্ডার।

তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকে ছন্দ খুঁজে পায়নি চেলসি। এই সুযোগে ম্যাচের ফিরে আসে অতিথিরা। ৬২তম মিনিটে ফরোয়ার্ড চার্লি অস্টিনের গোলে কিউপিআর সমতায় ফিরলে ম্যাচে উত্তেজনার আভাস মেলে।

ম্যাচে সমতা ফেরার পর চেলসি আক্রমণে ধার বাড়ায়। গোল পেতেও খুব একটা দেরি হয়নি তাদের। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোলে আবার এগিয়ে যায় ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।

ডি বক্সের মধ্যে এডেন হ্যাজার্ডকে কিউপিআরের এদুয়ার্দো ভার্গাস ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই পাওয়া পেনাল্টিতে নিজেই কিক নেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল চেলছি। শনিবার জয়ে ফিরলেও চেলসি কোচ জোসে মরিনিয়ো শিষ্যদের খেলায় সন্তুষ্ট নন।

“আমরা ভালো খেলতে পারিনি, কিন্তু জয়টা আমাদেরই প্রাপ্য”

কোচের কথাই যেন প্রতিফলিত হলো চেলসি স্ট্রাইকার জয়সূচক গোল করা হ্যাজার্ডের বক্তব্যে।

“অনেক সময় আপনি ভালো খেলতে পারবেন না, কিন্তু আমরা লিগের (পয়েন্ট তালিকার) শীর্ষেই আছি।”

১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষেই রইলো এখন পর্যন্ত অপরাজিত দল চেলসি।

অন্য ম্যাচে হাল সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ্যাম্পটন। এ মৌসুমে চমক দেখানো ক্লাবটির পয়েন্ট ২২।