সানচেসের জোড়া গোলে আর্সেনালের জয়
আলেক্সিস সানচেসের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি।
গত সপ্তাহে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল কোচ আর্সেন ভেঙ্গারের দল।
শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল আর্সেনাল। তবে প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেও গোল পায়নি তারা।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেও সাফল্য পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে ৭০তম মিনিটে চিলির তারকা সানচেস এগিয়ে দেন স্বাগতিকদের।
ডান দিক থেকে দেয়া ক্যালাম চেম্বার্সের ক্রসে ছোট ডি বক্সের দাগের উপর থেকে হেড করে বল জালে জড়ান এই মৌসুমেই বার্সেলোনা থেকে আসা সানচেস। আর এই গোলেই গোলমুখ খুলে যায় আর্সেনালের জন্য।
দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ডিফেন্ডার চেম্বার্স। আর্সেনালের একটি কর্নার থেকে বল পেয়ে শট নিয়েছিলেন ড্যানি ওয়েলব্যাক। বার্নলির গোলরক্ষক টম হিটন তা ঠেকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে লক্ষভেদে ভুল করেননি চেম্বার্স।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানচেস। বাঁ দিক থেকে কিয়েরন গিবসের ক্রসে বল ছোট ডি বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের টোকায় জালে পাঠান সানচেস।
ম্যাচ শেষে তাই সানচেসের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ আর্সেন ভেঙ্গার।
“আলেক্সিস সানচেসের এটা দারুণ পারফর্মেন্স। তার মান অসাধারণ। সে লড়াই করতে পারে, গোল করতে পারে। একজন সেরা খেলোয়াড়ের কাছ থেকে আপনি এটাই চাইবেন”
এই জয়ের ফলে ১০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ১৭।
অন্য ম্যাচে চেলসি ২-১ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেনজার্সকে।
দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে একমাত্র গোলে হেরে যায় লিভারপুল।
