৪০ ফুটবলার নিয়ে শুরু সিলেট একাডেমি
চল্লিশ জন উঠতি খেলোয়াড় নিয়ে আগামী ১৩ নভেম্বর চালু হচ্ছে সিলেট ফুটবল একাডেমি। স্থানীয় প্রশিক্ষকদের দিয়েই চলবে প্রাথমিক কার্যক্রম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ শনিবার জানান, অনূর্ধ্ব-১৩ ও ১৫ বয়সী ফুটবলার নিয়ে আপাতত সিলেট একাডেমীর কার্যক্রম শুরু হবে। বাফুফের ডেভলপম্যান্ট কমিটির তত্ত্বাবধানে ও পাইওনিয়ার ফুটবল লিগ থেকে একাডেমির জন্য ফুটবলার বাছাই করা হবে।
“অনুর্ধ্ব-১৩ বয়সী ২০ জন এবং অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ২০ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এই ৪০ জন ফুটবলার নিয়ে আগামী ১৩ নভেম্বর সিলেটের বাফুফে ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।”
একাডেমির জন্য বিদেশী কোচ আনার কথা ভাবছে বাফুফে। তবে স্থানীয় কোচদের নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। সম্ভাব্য তালিকায় আছেন আব্দুর রাজ্জাক, সৈয়দ গোলাম জিলানী, কাজি আলতাফুল হক, আবু রাহেল, পারভেজ বাবুর মতো অভিজ্ঞ কোচেরা।
“আমাদের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল বিভাগে ১৯ জন প্রশিক্ষক রয়েছেন। তাদের মধ্যে অভিজ্ঞদের নিয়েই একাডেমির প্রাথমিক কার্যক্রম শুরু করা হবে।”
“এ বছর বিদেশী কোচ আনা সম্ভব হবে না। আসলে একাডেমির সবকিছু গুছিয়ে নিতে আমাদের আরো সময় লাগবে। এ কারণে জানুয়ারির আগে একাডেমির জন্য বিদেশী কোচ পাওয়াটা অসম্ভব”, যোগ করেন তিনি।
ফুটবলারদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় কোনো স্কুলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে। সোহাগ জানান, বছরের শুরুতে কোন একটি স্কুলের সঙ্গে বাফুফে ফুটবল একাডেমির চুক্তি থাকবে। সেখানে ছেলেরা নিয়মিত ক্লাস না করলেও একাডেমির ৪/৫ জন শিক্ষকের কাছে ক্লাস করবে। তবে একাডেমির ছাত্ররা নির্দিষ্ট সময়ে গিয়ে স্কুলের সাময়িক পরীক্ষাগুলোতে অংশ নেবে।
২০১২ সালের মার্চে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তৃতীয় ‘গোল প্রকল্প’ শুরু করে। প্রকল্পের অংশ হিসেবে একই বছরের ৭ মার্চে বাফুফে ভবনে এসে ফুটবল একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিফা প্রেসিডেন্ট জেপ ব্লাটার।
