মাঠের বাইরে ইনিয়েস্তা
বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হতে পারে আন্দ্রেস ইনিয়েস্তাকে। পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
সান্তিয়াগো বের্নাবেউতে গত শনিবার স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে ৭১তম মিনিটে মাঠ ছাড়তে হয় ইনিয়েস্তাকে।
ঠিক কবে আবার ইনিয়েস্তা বার্সেলোনার অনুশীলনে ফিরতে পারবেন, সেটা জানাতে পারেনি ক্লাবটি।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচ এবং আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলা নাও হতে পারে ইনিয়েস্তার।
আয়াক্সের মাঠে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫ নভেম্বর।
