২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের হ্যাটট্রিকে নাপোলির বড় জয়

নতুন মৌসুমে সেরি আয় গোল পাচ্ছিলেন না গনসালো হিগুয়াইন। ভেরোনার বিপক্ষে ম্যাচে একেবারে হ্যাটট্রিক দিয়েই ফিরলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত এই পারফরম্যান্সে ৬-২ গোলে জিতেছে নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 02:00 PM

Updated : 13 Oct 2022, 12:44 PM

নিজেদের মাঠে রোববার প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে নাপোলি।

মারেক হামসিকের গোলে ৪৪তম মিনিটে সমতায় ফেরে ইউরোপা লিগে টানা দুটি হার নিয়ে এই ম্যাচ খেলতে নামা নাপোলি।

দ্বিতীয়ার্ধে যেন জেগে ওঠে গত মৌসুমে ভালো ফুটবল উপহার দেয়া ক্লাবটি। ৬ গোলের ৫টিই এই অর্ধে পায় তারা।

৫৮তম মিনিটে ব্যবধান ২-১ করেন হামসিক। তবে ৬৬তম মিনিটে সমতায় ফেরে ভেরোনা। এরপরই শুরু হিগুয়াইন জাদু। শেষ আধা ঘণ্টায় হ্যাটট্রিক করে দলকে এনে দেন বড় জয়। ৬৮তম মিনিটে প্রথম গোল পান হিগুয়াইন। ৯০তম মিনিটে করেন হ্যাটট্রিক গোলটি। হিগুয়াইনের হ্যাটট্রিকের মাঝে ৭৬তম মিনিটে নাপোলির বাকি গোলটি করেন কায়েহন। এই জয়ের পরও ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে নাপোলি। নিজেদের মাঠে ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করা এসি মিলান ১৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৮ ম্যাচে ২২। আগের ম্যাচে পালের্মোকে ২-০ গোলে হারায় সেরি আ চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের রানার্সআপ এএস রোমা।