যেকোনো মূল্যে জয় চাই এমিলিদের
জাহিদ হাসান এমিলি যশোরের প্রীতি ম্যাচে গোল করেও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। তবে ১৭টি আন্তর্জাতিক গোল করা এই স্ট্রাইকার এবার যেকোনো মূল্যে দলকে জয় এনে দিতে চান।
সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় এবার জয় চান এমিলি।
“শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচই জিততে চেয়েছিলাম আমরা। কিন্তু যশোরের ম্যাচটি ড্র হলো। এবার আর আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। যেকোনো মূল্যে জয় চাই আমরা।”
প্রথম প্রীতি ম্যাচে ইয়ামিন মুন্নার ক্রসে নিখুঁতভাবে হেড করে শ্রীলঙ্কার জালে গোলের আনন্দে মাতেন এমিলি। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একইভাবে গোল উদযাপন করতে চান ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলা এই স্ট্রাইকার।
“আমি যেহেতু স্ট্রাইকার, সেহেতু আমার দায়িত্বই গোল করা। দলকে জয় এনে দেয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করব আমি।”
ঘরে-বাইরে মিলিয়ে গত বছর মার্চে সর্বশেষ আর্ন্তজাতিক ম্যাচে জয় পায় বাংলাদেশ; এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে নর্দান ম্যারিয়ানাকে ৪-০ গোলে হারিয়েছিল মামুনুলরা। নেপালে পাওয়া ওই সাফল্যের পরের পাঁচ ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। এই পাঁচ ম্যাচের বাংলাদেশ ২টিতে হেরে যায়, ৩টিতে ড্র করে।
অন্যদিকে দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ জয় পায় ২০১১ সালে জুলাইয়ে। বিশ্বকাপের প্রাক বাছাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে লেবাননকে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের মাঠে তিন বছরের বেশি সময় জয় পায়নি মামুনুলরা। স্ট্রাইকার এমিলিরও মনে হচ্ছে জয় পাওয়াটা ‘জরুরি’ হয়ে পড়েছে তাদের জন্য।
“প্রথম ম্যাচে আমরা ভালো খেলেও জিততে পারিনি। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারিনি। এবার আশা করি তা হবে না। দলের সবাই মিলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যেভাবেই হোক, জয় চাই আমরা।”
যশোরের শামসুল হুদা স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। রাজশাহীর আয়োজকদের আশা সোমবারের ম্যাচেও গ্যালারিতে তিল ঠাঁই দেয়ার সুযোগ থাকবে না। অধিনায়ক মামুনুল চাইছেন যশোরের হতাশা রাজশাহীতে কাটিয়ে উঠতে।
“নিজেদের মাঠ ও সমর্থকদের সামনে খেলাটা সব সময়ই চাপের। সমর্থকদের সামনে আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে অভ্যস্ত নই। তবে হাজার হাজার দর্শকের সামনে প্রথম প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলেছি; আমার মনে হয়, দীর্ঘদিন আমরা এটা করতে পারিনি। এ ম্যাচে কেবল প্রভাব বিস্তার করা নয়, জিততেও চাই আমরা।”
