২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতিময় ফুটবলের প্রতিশ্রুতি শ্রীলঙ্কার

দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আরো গতিময় ফুটবল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলঙ্কা কোচ নিকোলা কাভাজোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।

যশোরের প্রথম প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে শ্রীলঙ্কা। ওই ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নিকোলা দ্বিতীয়ার্ধে ‘গোল না খাওয়ার’ কৌশলের কথা বলেছিলেন। তবে রাজশাহীতে এসে গতিময় ফুটবল খেলার ঘোষণা দিলেন তিনি।

রোববার সংবাদ সম্মেলনে শ্রীরঙ্কা কোচ বলেন, “আমরা অবশ্যই আরো দ্রুত গতির ফুটবল খেলব। ছোট-ছোট পাসে এবং রক্ষণের পাশাপাশি আক্রমণের মিশেলে খেলব। বলের নিয়ন্ত্রণ রাখার যে ঐতিহ্য আমাদের আছে, সেটা প্রথম ম্যাচে দেখতে পাইনি। আশা করি, এই ম্যাচে সেটা করতে পারব আমরা।”

নিজেদের মাঠ, সমর্থক সব কিছুই মামুনুলদের পক্ষে থাকবে বলে যশোর, রাজশাহীর দুটি প্রীতি ম্যাচের আবহে কোনো পরিবর্তন দেখছেন না নিকোলা।

“যশোরে যে দুটি দল খেলেছে, তিন দিনের ব্যবধানে সেই দুটি দলই এখানে খেলবে। আমি কোনো পরিবর্তন দেখছি না। সম্ভবত এখানকার ম্যাচটিও প্রথম ম্যাচের মতো হবে।”

তবে দর্শকের ‘চাপ’ সামলে খেলার অভিজ্ঞতা প্রথম ম্যাচ থেকে অর্জন করার কথাও বললেন তিনি।

“প্রথম ম্যাচেই আমরা তাদের (বাংলাদেশ) নিখুঁত খেলা দেখেছি। তিরিশ হাজার সমর্থক পাশে পাওয়াটাও ছিল তাদের জন্য বাড়তি সুবিধা। তবে আমাদের ছেলেরাও শিখেছে কিভাবে প্রতিপক্ষের তিরিশ হাজার সমর্থকের সামনে খেলতে হয়।”

প্রতিপক্ষ দলের মিডফিল্ডার মামুনুল, ডিফেন্ডার রায়হান হাসান, আরিফুল ইসলাম ও স্ট্রাইকার জাহিদ হোসেনের জন্য বাড়তি পরিকল্পনার কথাও পরোক্ষভাবে জানালেন নিকোলা।

“অধিনায়ক হিসেবে নিজের ভূমিকাটা মামুনুল প্রথম ম্যাচে দারুণভাবে পালন করেছে। থ্রো ইনে রায়হান ছিল ভয়ঙ্কার। আরিফুল ওদের রক্ষণভাগ ভালোভাবে সামলেছে। এই পর্যায়ে জাহিদের এত ভালো পারফরম্যান্স আমি প্রত্যাশা করিনি।”