২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলি-ইন্টার ম্যাচে শেষ ১২ মিনিটের নাটকীয়তা

দুইবার পিছিয়ে পড়েও শেষ সময়ের গোলে কোনোমতে হার এড়িয়েছে ইন্টার মিলান। নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে দুই ম্যাচ পর পয়েন্ট পেয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2014, 11:18 AM

Updated : 22 Aug 2022, 07:21 PM

রোববার সেরি আর ম্যাচে ৭৮ মিনিট গোলশূন্য থাকার পর পর হঠাৎ করেই আসে উত্তেজনা। শেষ ১২ মিনিটে সান সিরোয় হয় চার গোল।

হোসে কায়েহন দুবার নাপোলিকে এগিয়ে নেন। দুবারই খুব দ্রুত সমতা ফেরায় ইন্টার মিলান।

দ্বিতীয় গোলটি স্বস্তি হয়ে আসে ইন্টার মিলানের কোচ ভাল্টার মাৎজাররির জন্য। টানা দুই ম্যাচে তিন গোলের ব্যবধানে হেরে ভীষণ চাপে ছিলেন তিনি।

৭৯তম মিনিটে নাপোলিকে এগিয়ে নেন কায়েহন। তিন মিনিট পর ফ্রেদি গুয়ারিনের গোলে সমতা ফেরায় ইন্টার মিলান।

৯০তম মিনিটে কায়েহন দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে নেন। তবে এর ঠিক পরপরই অরক্ষিত এর্নানেসের গোলে আবার সমতা ফিরায় ইন্টার মিলান।

৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান ৯ নম্বরে।

দিনের অন্য ম্যাচে লাৎসিও ২-০ গোলে হারায় ফিওরেন্তিনাকে। ভেরোনাকে ৩-১ গোলে হারায় এসি মিলান।