২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোন্ডার জোড়া গোলে মিলানের জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় সহজ জয় পেয়েছে এসি মিলান। হেল্লাস ভেরোনাকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2014, 12:08 AM

Updated : 13 Oct 2022, 12:42 PM

রোববার প্রতিপক্ষের মাঠে মিলানের জয়ের নায়ক জাপানের স্ট্রাইকার কেইসুকে হোন্ডা। জোড়া গোল করেন তিনি। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচের ২১তম মিনিটে স্বাগতিকদের ব্রাজিলের ডিফেন্ডার রাফায়েল মার্কেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালির অন্যতম সফল দল মিলান। ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন হোন্ডা। আর দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন ২৮ বছর বয়সী হোন্ডা।

নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ভেরোনার একমাত্র গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার ফেদেরিকো লোপেস।

সাত ম্যাচে মিলানের পয়েন্ট ১৪।

লিগে দিনের অন্য ম্যাচে ফিওরেন্তিনার মাঠে ২-০ গোলে জিতেছে লাৎসিও। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১২।