গোলমুখে দুর্দান্ত রোনালদো
মৌসুমের শুরু থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে সময়টা দারুণ কাটছে রিয়াল মাদ্রিদের। শনিবার লেভান্তের বিপক্ষে লা লিগায় আরেকটি বড় জয় পাওয়ার পর প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসালেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। বললেন, রোনালদোর চেয়ে বেশি গোল করাটা কারো পক্ষে সম্ভব নয়।
লেভান্তের জালে জোড়া গোল করেন গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। সবমিলিয়ে লা লিগার এবারের মৌসুমে সাত ম্যাচ খেলে ১৫টি গোল করে ফেলেছেন রোনালদো।
রোনালদোর প্রশংসায় সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “রোনালদোর চেয়ে বেশি গোল করাটা অসম্ভব হতো। তাকে এই (দুর্দান্ত) ফর্ম ধরে রাখতে হবে এবং সে লক্ষ্যে আমরা তাকে সাহায্য করবো।”
রোনালদোর অসাধারণ পারফরম্যান্স আর ধারাবাহিকভাবে গোল করে যাওয়ার কারণেই রিয়াল দুর্দান্তভাবে সব ম্যাচ জিতছে বলে মনে করেন আনচেলত্তি।
লিগের গত পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে একরকম দাঁড়াতেই দেয়নি রিয়াল। যার মূল কৃতিত্ব রোনালদোর; গত ২০ অক্টোবর দেপোর্তিভো লা করুনাকে ৮-২ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করা দিয়ে শুরু। তিন দিন পর এলচের বিপক্ষে ৫-১ গোলের জয়ে একাই চার গোল করেন রোনালদো। এরপর ভিয়ারিয়ালের মাঠে এক গোল করার পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আবারো হ্যাটট্রিক করেন দুবারের ফিফা বর্ষসেরা এই তারকা।
