২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুইফকে সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত

লোডভিক ডি ক্রুইফকে না রাখার কথা আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের কোচ দেশে ফিরলেও সিদ্ধান্তে অনড় রয়েছে কর্তৃপক্ষ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 09:34 PM

Updated : 25 Apr 2022, 04:50 PM

রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ক্রুইফকে জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন তারা। আগের দিন জরুরি সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। রোববার সকালে দেশে ফেরেন ক্রুইফ।

এরই মধ্যে ই-মেইলের মাধ্যমে ক্রুইফকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাফুফে। বাফুফে সহ-সভাপতি তাবিথ আওয়াল বাফুফের শোকজ নোটিশের আরেকটি কপি নিয়ে রাতে কোচের সঙ্গে বসবেন। ক্রুইফের সঙ্গে মূলত বকেয়া বেতন সংক্রান্ত আলোচনা করতেই তাবিথ যাবেন বলে জানান সালাউদ্দিন।

“ক্রুইফকে আর কোচ হিসেবে রাখা হবে না এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বকেয়া পাওনা নিয়ে আলোচনা করার জন্য তার সঙ্গে আলোচনা করতে যাবেন তাবিথ আওয়াল। সেখানেই তাকে আমাদের মনোভাব জানিয়ে দেয়া হবে।”

দুই বছরের জন্য গত বছর জুনে বাফুফের সঙ্গে ক্রুইফ চুক্তিবদ্ধ হন। ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি। বাফুফে জানিয়েছে, এ পর্যন্ত কোচকে ১২ মাসের বেতন দিয়েছে তারা। সে হিসেবে চলতি মাসসহ বাফুফের কাছে চার মাসের বেতন পাওনা আছে ক্রুইফের।

চুক্তি অনুযায়ী মেয়াদ শেষের আগে কোচকে বিদায় করতে হলে বাফুফেকে ‘ক্ষতিপূরণ’ দিতে হবে। তবে, চুক্তিতেই উল্লেখ আছে, এক বছর পর কোচের সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের পর চুক্তি নবায়নের বিষয়টা। গত জুনে তা মূল্যায়ন কিংবা চুক্তি নবায়ন কোনোটাই আনুষ্ঠানিকভাবে করেনি বাফুফে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, চুক্তিতে নির্ধারিত সময়ের আগে কোচকে বিদায় করলে পুরো পারিশ্রমিক দেয়ার কথা নির্দিষ্টভাবে উল্লেখ নেই। সেখানে বলা আছে, কোচ চুক্তির বরখেলাপ করলে তাকে শোকজ নোটিশ পাঠাতে হবে এবং এক মাসের মধ্যে ‘শোধরানোর’ সুযোগ দিতে হবে এবং কোচ না শুধরালে ‘ব্যবস্থা’ নেয়া যাবে।

চুক্তির এই ধারাটিই এখন সামনে আনছে বাফুফে। জাতীয় দলের প্রতি কোচের নিষ্ঠা ও পেশাদারিত্বে সন্তুষ্ট নয় তারা। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ক্রুইফ যে কথাগুলো বলেছেন, তা চুক্তির বরখেলাপ বলে মনে করে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে ৩০ দিন ছুটি পাওয়ার কথা ক্রুইফের। তবে গত বছর জুলাই থেকে এ পর্যন্ত ২২৪ দিন ছুটি কাটিয়েছেন কোচ। এ কারণে ‘ক্ষতিপূরণ’ নয়, গত চার মাসের বকেয়া বেতনই ক্রুইফকে দেয়া হবে কিনা, তা ঠিক করতে ফিফার কাছে পরামর্শ চাওয়া হবে বলে জানান সোহাগ।