প্রতিপক্ষের ভুলে লিভারপুলের জয়
সৌভাগ্যের ছোঁয়া আর প্রতিপক্ষের ভুলে বড় বাঁচা বেঁচে গেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে শেষ দিকের নাটকীয়তায় ৩-২ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা।
রোববার লিভারপুলের কষ্টের জয়ে একটি গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কোতিনিয়ো। অন্য দুটি গোল আত্মঘাতী।
নবম মিনিটেই লিভারপুলকে চমকে দিতে পারতো কিউপিআর। দুই ডিফেন্ডারের ভুলে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন চার্লি অস্টিন। তার প্রথম শট লিভারপুল গোলরক্ষক কোনোমতে ঠেকিয়ে দেন আর ফিরতি শট লক্ষ্যে থাকেনি।
২৮তম মিনিটে আবারো বেঁচে যায় লিভারপুল। স্বাগতিকদের ডাচ মিডফিল্ডার লেরোয় ফেরের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে। আর ছয় মিনিট পর ক্রসবারে লাগে তার চমৎকার হেড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতি আক্রমণে লড়াইটা দারুণ উত্তেজনা ছড়ায়। তবে লিভারপুলের আক্রমণগুলো কিউপিআরের জমাট রক্ষণে মুখ থুবড়ে পড়ছিল।
এর মাঝেই ৬১তম মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন মারিও বালোতেল্লি। অ্যাডাম লালানার শট গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান ইতালির এই স্ট্রাইকার। কিন্তু জোরে মারতে গিয়ে লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
অবশেষে ৬৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় লিভারপুর। ডি বক্সের মধ্যে ডান দিক থেকে গ্লেন জনসনের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন কিউপিআরের রিচার্ড ডান।
৮৭তম মিনিটে এদুয়ার্দো ভার্গাসের গোলে ম্যাচে ফেরে স্বাগতিক দল। অস্টিনের হেড থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন চিলির এই স্ট্রাইকার।
