বার্সায় নেইমারের অর্ধশতক
অন্যরকম এক অর্ধশতক করলেন নেইমার। শনিবার ক্যাম্প নউয়ে লা লিগায় এইবারের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৫০তম ম্যাচ খেললেন ব্রাজিল তারকা।
নিজের ৫০তম ম্যাচটা স্মরণীয়ই ছিল নেইমারের জন্য। দলের ৩-০ ব্যবধানের জয়ের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
৫০টির মধ্যে নেইমার লিগে খেলেন ৩৩টি ম্যাচ। বাকি ম্যাচগুলোর ১২টি চ্যাম্পিয়ন্স লিগে, ৩টি স্পেনের কাপে আর ২টি স্পেনের সুপার কাপে খেলেন তিনি।
গত বছর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পেনের সুপার কাপের প্রথম লেগের ম্যাচ দিয়ে বার্সেলোনায় অভিষেক হয় নেইমারের। অভিষেক ম্যাচেই গোল পান সান্তোসের সাবেক তারকা।
৫০ ম্যাচে বার্সেলোনার হয়ে ২৪ গোল করেন নেইমার। এর মধ্যে ১৭টি লিগে আর ৫টি ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবং একটি স্পেনের কাপে।
দুটি হ্যাটট্রিকও আছে নেইমারের। একটি গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে। অপর হ্যাটট্রিকটি এ মৌসুমে লিগে গ্রানাদার বিপক্ষে।
