২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফুটবলের মোৎসার্ট’ আগুয়েরো

সের্হিও আগুয়েরোর ভীতি আগেই পেয়ে বসেছিল টটেনহ্যাম হটস্পারকে। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডকে ‘ফুটবলের মোৎসার্ট’ হিসেবে উল্লেখ করে খেলোয়াড়দের আগেই সতর্ক করেছিলেন কোচ। কিন্তু লাভ হলো না; আগুয়েরোর বিধ্বংসী ফুটবলেই উড়ে গেছে টটেনহ্যাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 05:56 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

নিজেদের মাঠ ইতিহাদে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ৪-১ গোলে জেতে সিটি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের চারটি গোলই করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড আগুয়েরো। ম্যাচ শেষে সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনির মুখে কেবল দলের সেরা তারকার জন্য প্রশংসা।

“আমি সবসময়ই বলি, বিশ্বের তিন বা চার জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের একজন হওয়ার মতো অবস্থায় আছে সের্হিও আগুয়েরো। সে অসাধারণ খেলোয়াড়। সে চার গোল করেছে এবং আরো দুই বা তিন গোল করতে পারত।”

এই চারটি গোলে একটা রেকর্ডও গড়া হলো আগুয়েরোর। কার্লোস তেভেসকে ছাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা এখন তিনি; তার গোল ৫৯টি। ইপিএলে সিটির জার্সিতে আরেক আর্জেন্টাইন তেভেসের গোল ৫৮টি।

লিগে এ মৌসুমে আগুয়েরোর গোল দাঁড়াল ৯টি। সমান গোল নিয়ে গোলদাতার তালিকায় তার সঙ্গে শীর্ষে আছেন চেলসির দিয়েগো কস্তাও।

আরেকটি পরিসংখ্যানে অন্য সবার চেয়ে এগিয়ে আগুয়েরো। এ মৌসুমে লিগে সবচেয়ে বেশি শট, গোলে শট নেয়া- তিন দিক থেকেই তিনি প্রথম।

লিগে এখন পর্যন্ত ২৯টি শট নেন আগুয়েরো। সমান শট নেন গ্রাৎসিয়ানো পেল্লেও। কস্তার শট ১৯টি। তবে গোল লক্ষ্য করে শট নেয়ায় আগুয়েরো এককভাবে এগিয়ে। ২০টি শট নেন তিনি। ১৬টি শট করে দ্বিতীয় স্থানে আছে কস্তা।