২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ গোলে অস্কারের আনন্দ

অসাধারণ এক ফ্রি-কিক থেকে নিজে গোল করেছেন। সেস ফাব্রেগাসের করা জয়সূচক গোলে রেখেছেন অবদান। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসিকে জয়ে এনে দিতে পেরে দারুণ খুশি ব্রাজিলের মিডফিল্ডার অস্কার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 02:58 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

ক্রিস্টাল প্যালেসেরে মাঠে শনিবার ২-১ গোলে জিতে এ মৌসুমে লিগে অপরাজিতই থাকল চেলসি।

ম্যাচ শেষে ফ্রি-কিক নিয়ে চেলসি খেলোয়াড়দের পরিকল্পনা আর কৌশলের রহস্য উন্মোচন করেন অস্কার।

“আমরা প্রতিদিনিই ফ্রি-কিক অনুশীলন করি। ফাব্রেগাস, উইলিয়ান অথবা আমিই সবসময় ফ্রি-কিক নেই। ফ্রি-কিকের সময় এলে আমরা স্পটের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেই।”

প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ফ্রি-কিকটি দেয়ালের ওপর দিয়ে মারেন অস্কার। দ্রুত গতির ফ্রি-কিকটি গোলবারের একটু নীচে দিয়ে জালে ঢোকে। গোলরক্ষক বলের কাছেই যেতে পারেননি।

এই ফ্রি-কিকটি নিয়ে অস্কার বলেন, “গোলরক্ষকের কোথায় দাঁড়িয়ে আছে দেখার জন্য আমি প্রথমে তাকাই এবং ওই সময়েই সিদ্ধান্ত নেই। সে মাঝামাঝি দাঁড়িয়ে ছিল এবং আমি ওপরের কোনা দিয়ে মেরেছি।”

ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডার চেলসিতে নিজের পারফরম্যান্স নিয়ে খুব খুশি।

“আমি আমার ফর্ম নিয়ে খুব খুশি। কিছু ম্যাচ ধরে আমি ভালো খেলছি এবং এভাবেই দলকে সাহায্য করে যাওয়ার আশা করি।”