এবার হাল সিটিতে আর্সেনালের হোঁচট
চেলসির কাছে হারের ধাক্কা সামলে ওঠার আগেই আবার হোঁচট খেয়েছে আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।
লিগে আট ম্যাচে এ নিয়ে পাঁচটিতে ড্র করল আর্সেনাল। আগের ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হাল সিটির সঙ্গে কোনোমতে ড্র করে দলটি। নব্বই মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল অতিথিরা। যোগ করা সময়ে ড্যানি ওয়েলব্যাকের গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিশ্চিত হয় আর্সেন ভেঙ্গারের দলের।
১৩তম মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন আলেক্সিস সানচেস। বার্সেলোনা থেকে চলতি মৌসুমেই আর্সেনালে যোগ দেয়া এই স্ট্রাইকার দুরূহ কোন থেকে হাল সিটির গোলরক্ষক স্টিভ হারপারকে পরাস্ত করেন।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি হাল সিটি। ১৮তম মিনিটে মোহামেদ দিয়ামের গোলে খেলায় ফিরে অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হাল সিটিকে এগিয়ে নেন আবেল এর্নান্দেস। পের মেরটেজাকারকে ফাঁকি দিয়ে এর্নান্দেস আর্সেনালের জালে বল পাঠান।
সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্সেনাল। তবে ৮৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন সানচেস। কিন্তু তার হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
অবশেষে যোগ করা সময়ে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান ওয়েলব্যাক। এতে দারুণ অবদান সানচেসের। কয়েকজনকে ফাঁকি দিয়ে তিনি বল দেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা ওয়েলব্যাককে। তিনি জালে বল জড়াতে ভুল করেননি।
যোগ করা সময়ে দুটি দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু হাল সিটির রক্ষণভাগের দৃঢ়তায় জয় পাওয়া সম্ভব হয়নি স্বাগতিকদের।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার ৬ নম্বরে আছে আর্সেনাল।
