২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির জয়ে অস্কারের দারুণ গোল

মৌসুমের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্তভাবে এগিয়ে যাওয়া চেলসি জয়ের ধারা ধরে রেখেছে। শনিবার ক্রিস্টাল প্যালেসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 10:51 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

লিগে চেলসির এটা টানা তৃতীয় জয়। আট ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি।

শনিবার দুই অর্ধে একটি করে গোল করে জোসে মরিনিয়োর শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে অস্কারের দুর্দান্ত এক ফ্রি কিকে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ৩০ গজ দূর থেকে রক্ষণ দেয়ালের উপর দিয়ে গোলপোস্টের ডান কোনা দিয়ে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে বড় একটা ধাক্কা খায় চেলসি। স্বাগতিকদের অস্ট্রেলিয়ায় মিডফিল্ডার মাইল জেডিনাককে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা।

অবশ্য তিন মিনিট বাদে ক্রিস্টাল প্যালেসও ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আইরিশ ডিফেন্ডার ড্যামিয়েন ডেলানি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেস ফাব্রেগাস। প্রথমে এডেন হ্যাজার্ড এবং পরে অস্কারের সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে লক্ষভেদ করেন এই মৌসুমেই বার্সেলোনা থেকে চেলসিতে আসা ফাব্রেগাস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার ফ্রেইজার ক্যাম্পবেল। স্বদেশী উইলফ্রাইড জাহার পাস থেকে গোলটি করেন ইংল্যান্ডের ক্যাম্পবেল।

ইপিএলের অন্য ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। হাল সিটির সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা।

এছাড়া সাউথ্যাম্পটন ৮-০ গোলে সান্ডারল্যান্ডকে, এভারটন ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩-১ গোলে বার্নলিকে হারিয়েছে।