২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিকাদের সামনে এবার ভারত চ্যালেঞ্জ

ভারতকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 09:34 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

পুরনো খবর:

আমিরাতের জালে বাংলাদেশের ৬ গোল
জর্ডানকে হারাল বাংলাদেশের মেয়েরা

রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে  নামবে স্বাগতিকরা।

জর্ডানের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ ব্যবধানে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভারত নিজেদের প্রথম ম্যাচে ইরানের মেয়েদের কাছে হেরে যায়। তাই প্রতিবেশী দলটির বিপক্ষে জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মনিকা চাকমা।

“ম্যাচের ফল কি হবে, সেটা এখনই বলতে পারব না। তবে আমরা ওদেরকে ভয় পাচ্ছি না। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাই করব আমরা।”

দলের পারফরম্যান্সে আগের চেয়ে এখন আরো বেশি আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। কমলাপুরে অনুশীলনের মাঠ নিয়ে শনিবার একটু-আধটু ঝামেলা পোহাতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত বুয়েটের মাঠে অনুশীলনে যাওয়ার আগে জানালেন জয়ের সম্ভাবনা দেখছেন তিনি।

“মেয়েদের বলেছি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে। তাদের আরো বলেছি, ভাগ্যে যা আছে, তাই হবে এবং এটা নিয়ে ভেবে লাভ নেই। তবে আমি মনে করি, স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।”

“জর্ডানের বিপক্ষে জয় পাওয়ার পর আশঙ্কা করেছিলাম, মেয়েরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পথ হারাতে পারে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচে দেখলাম তারা পথ হারায়নি। ভারতকে হারানোর জন্য আমরা নিজেদের শতভাগ দিয়ে খেলব এবং জেতার ব্যাপারে আমি আশাবাদী”, যোগ করেন তিনি।

বাছাই পর্বে দুই ম্যাচ জেতা বাংলাদেশকে সমীহ করছেন ভারত কোচ মাইমল রকি।

“আমরা ব্যাকফুটে নেই। মাত্র একটা ম্যাচ খেলেছি আমরা। বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। তবে আমরা জয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং জেতার লক্ষ্য নিয়ে নামব।”